Logo
Logo
×

Advertisement

দৃষ্টিপাত

দ্য অ্যাটম অ্যান্ড মি: পরমাণু নিরস্ত্রীকরণের আড়ালে ইরানবিরোধী আধিপত্যবাদী রাজনীতি!

আহসান হাবিব বরুন

আহসান হাবিব বরুন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

দ্য অ্যাটম অ্যান্ড মি: পরমাণু নিরস্ত্রীকরণের আড়ালে ইরানবিরোধী আধিপত্যবাদী রাজনীতি!

ফাইল ছবি

Advertisement

আন্তর্জাতিক রাজনীতিতে ‘দ্বিচারিতা’ বা ‘ডাবল স্ট্যান্ডার্ড’ শব্দ দুটি বহু পুরনো হলেও এর চেয়ে নিখুঁত ও নির্মম প্রয়োগ অন্য কোথাও দেখা যায় না, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। ১৯৬০-এর দশকের গোড়ার দিকে নেগেভ মরুভূমির বুকে গড়ে ওঠা ‘দিমোনা’ পারমাণবিক স্থাপনা থেকে শুরু করে বর্তমান সময়ের বৈশ্বিক ভূরাজনীতি—সবখানেই মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষপাতদুষ্ট ও অন্ধ সমর্থন ইসরাইলকে এক অস্পৃশ্য রাষ্ট্রে পরিণত করেছে। অথচ একই বিশ্বমঞ্চে ইরান যখন তার শান্তিপূর্ণ বা নিজস্ব সার্বভৌম অধিকারের শিয়রে দাঁড়িয়ে পারমাণবিক প্রযুক্তির চর্চা করে, তখন তাকে থামানোর নামে চালানো হয় নজিরবিহীন অর্থনৈতিক অবরোধ, অবৈধ আগ্রাসন এবং নির্বিচারে শিশুসহ নিরীহ মানুষ হত্যা। ইসরাইলের পারমাণবিক অস্ত্রাগার নিয়ে গত ছয় দশক ধরে ওয়াশিংটন ও তেলআবিবের যৌথ লুকোচুরি নীতি আজ এক নতুন ও বিপজ্জনক মোড়ে এসে উপনীত হয়েছে।

২০২৪ সালে প্রকাশিত হিব্রু ভাষার প্রামাণ্যচিত্র ‘দ্য অ্যাটম অ্যান্ড মি’ এবং বিভিন্ন ঐতিহাসিক দলিল ও অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসা তথ্য এই দ্বিচারিতার পর্দাকে আরও উন্মোচিত করেছে। প্রশ্নটি এখন আর কেবল ইসরাইলের পারমাণবিক অস্ত্র আছে কি না, তা নয়; বরং প্রশ্ন হলো, একটি রাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে, আর অন্য একটি রাষ্ট্রের একই সক্ষমতা রাজনৈতিক মিত্রতার কারণে আলোচনার বাইরেই থেকে যাবে—এ কেমন আন্তর্জাতিক ব্যবস্থা?

মধ্যপ্রাচ্যের নেগেভ মরুভূমিতে অবস্থিত দিমোনা পারমাণবিক স্থাপনা এই রহস্যের কেন্দ্রবিন্দু। ষাটের দশকের শুরুতে মার্কিন কূটনীতিকেরা আকাশপথে ওই অঞ্চলের একটি নির্মাণকাজ দেখতে পান। ইসরাইলি কর্মকর্তারা সেটিকে বস্ত্রশিল্পের কারখানা হিসেবে ব্যাখ্যা করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে স্পষ্ট হয়, স্থাপনাটি আসলে ইসরাইলের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ কেন্দ্র। আরও বিস্ময়কর বিষয় হলো, মার্কিন পরিদর্শকদের সামনে স্থাপনাটির প্রকৃত চিত্র আড়াল করার জন্য ভূগর্ভস্থ অংশের প্রবেশপথ গোপন রাখার অভিযোগও ঐতিহাসিক নথি ও অনুসন্ধানে উঠে এসেছে।

এরপর ১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি পারমাণবিক স্থাপনা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-উপযোগী ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার ঘটনা সামনে আসে। মার্কিন গোয়েন্দা অনুসন্ধান এবং সাম্প্রতিক প্রামাণ্যচিত্রে এই ইউরেনিয়াম ইসরাইলের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়ার অভিযোগ উঠে এসেছে। অর্থাৎ যে যুক্তরাষ্ট্র আজ ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে, সেই যুক্তরাষ্ট্রের নিজের ভূখণ্ড থেকেই ইসরাইলের পারমাণবিক কর্মসূচিতে উপাদান সরবরাহের অভিযোগ বহু বছর ধরে আলোচিত।

ইতিহাসবিদ অ্যাভনার কোহেনের ভাষায়, ইসরাইলের পারমাণবিক সক্ষমতা বিশ্বের সবচেয়ে খারাপভাবে সংরক্ষিত গোপন বিষয়গুলোর একটি। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর অনুমান অনুযায়ী, ইসরাইলের কাছে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। তবে ইসরাইল কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করেনি। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতেও তারা স্বাক্ষর করেনি। অথচ ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পূর্ণ বিপরীত। এখানেই আমেরিকার দ্বিমুখী নীতির সবচেয়ে বড় প্রমাণ।

১৯৬৯ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরাইলের প্রধানমন্ত্রী গোল্ডা মেইরের মধ্যে একটি গোপন সমঝোতার মাধ্যমে এই পারমাণবিক অস্পষ্টতার নীতি কার্যত প্রাতিষ্ঠানিক রূপ পায় বলে ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে। ইসরাইল প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বা ঘোষণা না দিলে যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে প্রকাশ্যে চাপ সৃষ্টি করবে না—এমন বোঝাপড়াই দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে ওঠে। এর ফলে ইসরাইল আন্তর্জাতিক পরমাণু নিয়ন্ত্রণব্যবস্থার বাইরে থেকেও নিজের পারমাণবিক সক্ষমতা ধরে রাখার সুযোগ পায়।

১৯৮৬ সালে দিমোনা স্থাপনার সাবেক প্রযুক্তিবিদ মোরদেচাই ভানুনু ইসরাইলের পারমাণবিক কর্মসূচির গোপন তথ্য ও ছবি প্রকাশ করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। পরবর্তী সময়ে তাঁকে রোম থেকে অপহরণ করে ইসরাইলে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনা প্রমাণ করে, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরাইলের গোপনীয়তা কেবল কূটনৈতিক কৌশল নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়।

পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি এবং ইহুদিবাদী ইসরাইল নিজেদের পরমাণু অস্ত্রাগার লুকিয়ে রেখে কিংবা সেগুলোকে বিশ্ববাসীর চোখ থেকে আড়াল করে দিব্যি পার পেয়ে যাচ্ছে। অথচ ঠিক উল্টো চিত্র দেখা যায় ইরানের ক্ষেত্রে। পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের কথা বলে একদিকে ইরানের ওপর চালানো হচ্ছে অবৈধ আগ্রাসন, নির্মম অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বর্বরোচিত সামরিক হামলা। এই আগ্রাসনের অংশ হিসেবে নির্বিচারে হত্যা করা হচ্ছে শিশুসহ নিরীহ মানুষকে।

কিন্তু সত্যানুসন্ধান করলে এটি পরিষ্কার হয়ে যায় যে, ইরানকে টার্গেট করার পেছনে পারমাণবিক কর্মসূচি কেবল একটি চতুর অজুহাত মাত্র। আসল কারণ হলো—বর্তমান পৃথিবীতে ইরান সাহসিকতার সঙ্গে প্রমাণ করে দিয়েছে যে, তারা সত্যিই ইসলাম এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কতটা অটল ও অবিচল ঈমানের অধিকারী। তাদের মধ্যে যে ইসলামী চেতনা, আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং দ্বীনি স্পিরিট রয়েছে, তা বিশ্ব মোড়ল ও ইসলামবিরোধী শক্তিগুলোকে মারাত্মকভাবে ভীত করে তুলেছে।

আমেরিকা ও ইসরাইলের মতো আধিপত্যবাদী শক্তিগুলো মূলত ভয় পায় ইসলামের সেই অভ্যন্তরীণ শক্তিকে, যা মানুষকে অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। তারা চায় না মধ্যপ্রাচ্যে এমন কোনো স্বাধীন রাষ্ট্র টিকে থাকুক, যা পশ্চিমা পুতুল হওয়ার বদলে আল্লাহর ওপর ভরসা করে নিজেদের ভাগ্য গড়তে চায়।

শত নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্র সত্ত্বেও ইরানি জাতি যেভাবে এক আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের ওপর ভর করে শত্রুর মোকাবিলা করে চলেছে, তা বিশ্ব ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত। মার্কিন পরাশক্তি ও তাদের দোসররা আধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তির অহংকারে মত্ত থাকলেও তারা বারবার হোঁচট খাচ্ছে একটি মাত্র জায়গায়—তা হলো ইরানি জনগণের ঈমানি শক্তি। বস্তুগত দিক থেকে ইরানের ওপর চাপিয়ে দেওয়া বৈরিতা সত্ত্বেও তারা যেভাবে কঠোর ও সমুচিত জবাব দিচ্ছে, তা স্পষ্ট করে দেয় যে, এই জাতির ওপর মহান আল্লাহর অশেষ অনুগ্রহ ও রহমত রয়েছে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক আইন ও পারমাণবিক নিরস্ত্রীকরণের নীতি কি কেবল দুর্বল কিংবা প্রতিপক্ষ রাষ্ট্রের জন্য? ইসরাইলের পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের নীরবতা যদি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষার কৌশল হয়, তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একই ধরনের কূটনৈতিক সমাধান খোঁজা হবে না কেন? কেন ইরানের ক্ষেত্রে সামরিক হামলা, অর্থনৈতিক অবরোধ, হুমকি ও ধ্বংসের নীতি গ্রহণ করা হচ্ছে?

এই দ্বিচারিতার আরেকটি দৃষ্টান্ত সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি। ২০২৬ সালের জুলাইয়ে দুই দেশ এ বিষয়ে চুক্তি সম্পন্ন করেছে এবং আগস্টে তা মার্কিন কংগ্রেসের পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। চুক্তির কিছু শর্ত নিয়ে অস্ত্র বিস্তার রোধ বিশেষজ্ঞদের উদ্বেগ রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক পরিদর্শন ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তির প্রশ্নে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা কতটা সম্ভব, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অথচ ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত কঠোর। এই বৈপরীত্যের গুরুতর দিকগুলো আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। যুক্তরাষ্ট্র কি সত্যিই মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত দেখতে চায়, নাকি এমন একটি আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখতে চায়, যেখানে ইসরাইলের সামরিক শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকবে এবং অন্য কোনো রাষ্ট্র তার সমকক্ষ হয়ে উঠতে পারবে না?

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক তৎপরতা বিশ্লেষণ করলে এই প্রশ্নের গুরুত্ব আরও স্পষ্ট হয়। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে সামরিক অভিযান শুরু করে। পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ইরানের সামরিক অবকাঠামোকে এর লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়। পরবর্তী সময়ে দুই দেশের সঙ্গে ইরানের সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়। যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও সংঘাতের স্থায়ী অবসান ঘটেনি। মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদনেও এই যুদ্ধের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক পরিণতি বিস্তারিতভাবে উঠে এসেছে।

এই সংঘাতের সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে, রাষ্ট্রীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে একটি দেশের সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের জীবনকে কত সহজে উপেক্ষা করা হচ্ছে। সামরিক স্থাপনা ধ্বংসের নামে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বিপর্যস্ত হলে তার দায় কে নেবে? শিশু, নারী ও নিরস্ত্র মানুষের জীবন কি বৃহৎ শক্তির ভূরাজনৈতিক হিসাবের কাছে এতটাই মূল্যহীন?

আন্তর্জাতিক আইন অনুযায়ী, কোনো রাষ্ট্রের আত্মরক্ষার অধিকার থাকলেও তা সীমাহীন নয়। জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদ অন্য রাষ্ট্রের বিরুদ্ধে বলপ্রয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আত্মরক্ষার অধিকারও জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের নির্দিষ্ট শর্তের অধীন। বেসামরিক মানুষের সুরক্ষা এবং সামরিক অভিযানে প্রয়োজনীয়তা ও সমানুপাতিকতার নীতি মেনে চলা প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব। যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি নিজেদের আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের রক্ষক বলে দাবি করে, তাহলে তাদের কর্মকাণ্ডেও একই মানদণ্ড প্রয়োগ করতে হবে।

তবে ইরানের পারমাণবিক প্রশ্নটিও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত, আন্তর্জাতিক পরিদর্শন এবং পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের স্বচ্ছ ও যাচাইযোগ্য সমাধান প্রয়োজন। ইরানও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দিতে পারে। কিন্তু সেই নিশ্চয়তা আদায়ের পথ সামরিক আগ্রাসন, নিষেধাজ্ঞা ও একটি জাতিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হতে পারে না। কূটনীতি, আন্তর্জাতিক পরিদর্শন, পারস্পরিক নিরাপত্তার নিশ্চয়তা এবং আলোচনাই হতে পারে টেকসই সমাধানের পথ।

এখানেই ইরানের বিরুদ্ধে পশ্চিমা শক্তির অবস্থানের রাজনৈতিক ও আদর্শিক দিকটি আলোচনায় আসে। ইরান কেবল একটি রাষ্ট্র নয়; দেশটির রাজনৈতিক পরিচয়ের কেন্দ্রে রয়েছে ইসলামী বিপ্লবের আদর্শ, ধর্মীয় বিশ্বাস এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে নিজস্ব অবস্থান। দেশটির জনগণের একটি বড় অংশের কাছে ইসলাম, জাতীয় সার্বভৌমত্ব এবং বহিঃশক্তির বিরুদ্ধে প্রতিরোধের চেতনা গভীরভাবে সম্পর্কিত। এই আদর্শিক অবস্থান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধকে আরও জটিল করেছে।

ইরানের ইসলামী চেতনা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস দেশটির জনগণের একটি গুরুত্বপূর্ণ প্রেরণার উৎস। যুদ্ধ ও সংকটের মধ্যেও তাদের প্রতিরোধের মানসিকতা, জাতীয় ঐক্য এবং আত্মমর্যাদাবোধকে কেবল সামরিক শক্তির হিসাব দিয়ে ব্যাখ্যা করা যায় না। ধর্মীয় বিশ্বাস মানুষের সাহস, ধৈর্য ও আত্মত্যাগের অনুপ্রেরণা জোগাতে পারে। ইরানি জনগণের এই ঈমানি দৃঢ়তাকে সম্মান করার যথেষ্ট কারণ রয়েছে। তবে তাদের প্রতিরোধের সামর্থ্যকে শুধু ধর্মীয় আবেগ দিয়ে নয়, জাতীয় ইতিহাস, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব এবং জনগণের আত্মপরিচয়ের সম্মিলিত শক্তি হিসেবেও মূল্যায়ন করতে হবে।

আমার বিবেচনায়, ইরানকে ঘিরে পশ্চিমা নীতির পেছনে শুধু পারমাণবিক নিরাপত্তার প্রশ্ন কাজ করছে—এমন দাবি বিশ্বাসযোগ্য নয়। এর সঙ্গে রয়েছে মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখা, ইরানের আঞ্চলিক প্রভাব সীমিত করা, জ্বালানি ও ভূরাজনৈতিক স্বার্থ রক্ষা এবং পশ্চিমা কৌশলগত আধিপত্য অক্ষুণ্ণ রাখার হিসাব। ইরানের ইসলামী রাষ্ট্রীয় পরিচয় ও পশ্চিমা নীতির প্রতি তার আদর্শিক বিরোধও এই সংঘাতের রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ। তবে কেবল ইসলামকে ধ্বংস করার উদ্দেশ্যেই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে—এমন সিদ্ধান্তের পক্ষে অকাট্য প্রমাণ নেই। রাজনৈতিক বিশ্লেষণে বিশ্বাস ও প্রমাণের পার্থক্য বজায় রাখা জরুরি। কিন্তু এটাও সত্য, কোনো রাষ্ট্রের ধর্মীয় পরিচয় বা আদর্শিক অবস্থানকে তার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের বৈধ অজুহাত করা যায় না।

ইসরাইলের পারমাণবিক অস্ত্রের প্রশ্নে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীরবতা এবং ইরানের বিরুদ্ধে তার কঠোর অবস্থান এই সন্দেহকে আরও জোরালো করে যে, মধ্যপ্রাচ্যে পরমাণু নিরস্ত্রীকরণ নয়, বরং নির্দিষ্ট একটি রাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখাই ওয়াশিংটনের প্রধান অগ্রাধিকার। ইসরাইলের পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে আন্তর্জাতিক স্বচ্ছতা নিশ্চিত করার দাবি তাই কোনোভাবেই অযৌক্তিক নয়। একই সঙ্গে ইরানসহ মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্রের পারমাণবিক কর্মসূচিকে একই আন্তর্জাতিক মানদণ্ডের আওতায় আনতে হবে।

এখানে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। মার্কিন কংগ্রেসের কিছু আইনপ্রণেতা ইসরাইলের পারমাণবিক অস্ত্র নিয়ে দীর্ঘদিনের অস্পষ্টতার অবসান দাবি করছেন। প্রতিনিধি পরিষদের সদস্য জোয়াকিন কাস্ত্রো প্রশ্ন তুলেছেন, ইসরাইলের পারমাণবিক ব্যবহারের সীমারেখা সম্পর্কে স্বচ্ছ ধারণা ছাড়া যুক্তরাষ্ট্র কীভাবে তার সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর ঝুঁকি নেবে? অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন, বিশ্বের বেশিরভাগ মানুষই ইসরাইলের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি জানে, যদিও ইসরাইল তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না।

 

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে দেওয়া প্রায় চার বিলিয়ন ডলারের বার্ষিক সামরিক সহায়তা বন্ধ করার ঘোষণা দিয়েছেন। তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে কংগ্রেসের ভূমিকা এবং বিদ্যমান চুক্তির বিষয়গুলো গুরুত্বপূর্ণ। ফলে এটিকে এখনই যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের চূড়ান্ত বিচ্ছেদ হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি দুই দেশের সম্পর্কের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার একটি ইঙ্গিত।

 

প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি এবার সত্যিই ইসরাইলের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছ অবস্থান গ্রহণ করবে? নাকি সামরিক সহায়তার ধরন পরিবর্তন করে পুরোনো কৌশলগত সম্পর্কই বজায় রাখবে? ইসরাইলের পারমাণবিক সক্ষমতা নিয়ে নীরবতা অব্যাহত রেখে ইরানের বিরুদ্ধে পরমাণু নিরস্ত্রীকরণের নৈতিক অবস্থান গ্রহণ করা যে ক্রমেই কঠিন হয়ে উঠছে, তা অস্বীকার করার উপায় নেই।

 

বিশ্ববাসীর কাছে এখন সবচেয়ে বড় দাবি হওয়া উচিত, মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার জন্য একটি অভিন্ন, নিরপেক্ষ ও কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ। ইসরাইল, ইরানসহ অঞ্চলের প্রতিটি রাষ্ট্রকে আন্তর্জাতিক পরমাণু নিয়ন্ত্রণব্যবস্থার আওতায় আনতে হবে। কোনো রাষ্ট্রের জন্য গোপন ছাড়, অন্য রাষ্ট্রের জন্য সামরিক শাস্তি—এই বৈষম্য বন্ধ করতে হবে। একই সঙ্গে বেসামরিক মানুষের জীবন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

 

ইতিহাসের শিক্ষা হলো, সামরিক শক্তি দিয়ে সাময়িকভাবে কোনো রাষ্ট্রকে দুর্বল করা সম্ভব, কিন্তু একটি জাতির আত্মপরিচয়, বিশ্বাস, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং জাতীয় মর্যাদাবোধকে বোমা দিয়ে নিশ্চিহ্ন করা যায় না। ইরানের জনগণের ঈমানি শক্তি ও জাতীয় আত্মমর্যাদাবোধ তাদের প্রতিরোধের অন্যতম প্রেরণা। আল্লাহর ওপর বিশ্বাস থেকে তারা যে সাহস ও প্রত্যয় অর্জন করেন, সেটি তাদের কাছে গভীর আধ্যাত্মিক শক্তির উৎস। কিন্তু যুদ্ধের চূড়ান্ত বিজয় কেবল সামরিক প্রতিশোধে নয়; মানুষের জীবন রক্ষা, জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক শান্তি অর্জনের মধ্যেই নিহিত।

 

যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে, পৃথিবী আর একক কোনো পরাশক্তির ইচ্ছা ও নির্দেশে পরিচালিত হওয়ার জায়গায় নেই। ইসরাইলকেও উপলব্ধি করতে হবে, পারমাণবিক অস্ত্রের একচেটিয়া সুবিধা এবং প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তা অস্বীকার করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আর পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, গণতন্ত্র, মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও ধর্মীয় স্বাধীনতার যে মূল্যবোধ তারা বিশ্বকে শেখাতে চায়, নিজেদের স্বার্থের প্রশ্নেও সেই একই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

 

‘দ্য অ্যাটম অ্যান্ড মি’ কেবল ইসরাইলের পারমাণবিক অস্ত্রের গোপন ইতিহাস নয়; এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নৈতিক সংকটেরও এক গুরুত্বপূর্ণ দলিল। পারমাণবিক অস্ত্রের প্রশ্নে ন্যায়বিচার যদি সবার জন্য সমান না হয়, তাহলে নিরস্ত্রীকরণের আহ্বান বিশ্বাসযোগ্যতা হারাবেই। বিশ্বকে আর কোনো পরাশক্তির দ্বিমুখী নীতির জিম্মি থাকতে দেওয়া যায় না। মানবসভ্যতার ভবিষ্যৎ নির্ভর করছে পারমাণবিক আধিপত্যের প্রতিযোগিতা নয়, বরং ন্যায়বিচার, সমতা, সার্বভৌমত্ব এবং শান্তির প্রতিষ্ঠার ওপর।

 

পরিশেষে বলতে চাই,আমেরিকা ও ইহুদিবাদী চক্র যত দিন যাচ্ছে, ততই বুঝতে পারছে যে, অর্থনৈতিক অবরোধ বা বোমা হামলা চালিয়ে এই অদম্য ইসলামী চেতনাকে দাবিয়ে রাখা সম্ভব নয়। ইরানি জাতির এই অতুলনীয় ঈমানি শক্তি ও সাহসিকতা দেখে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের মনে এখন পতন-আতঙ্ক কাজ করছে। তাদের এই হীনম্মন্যতা ও ভয় থেকেই তারা ইরানকে ধ্বংস করার জন্য মরণকামড় দিচ্ছে। তবে বাতিলের সব সাজানো কৌশল ও অস্ত্রশক্তিকে পরাস্ত করে একদিন সত্য ও ন্যায়েরই বিজয় হয়। ইরানি জাতির এই অবিচল আত্মত্যাগ ও বিশ্বাসের পথ ধরেই একদিন বিশ্বব্যাপী ইসলামের সুমহান বিজয় নিশান উড়বে এবং পশ্চিমা সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তির পতন অনিবার্য হয়ে উঠবে। সুতরাং ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার দোসরদের এই দ্বিচারিতা ও জুলুমের রাজত্ব চিরস্থায়ী হতে পারে না; চূড়ান্ত পরিণতিতে ঈমান-ইনসাফ ও ইসলামের বিজয় হবেই ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সহায় হোন।

 

লেখক:সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, আমার দিন।

ই-মেইল: [email protected]

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের সঙ্গে সমঝোতার আশা ছাড়ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে সমঝোতার আশা ছাড়ছে যুক্তরাষ্ট্র!

হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ পুরোপুরি বন্ধের দাবি ইরানের

হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ পুরোপুরি বন্ধের দাবি ইরানের

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৬ শর্ত দিল ইরান

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৬ শর্ত দিল ইরান

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল কেশম দ্বীপ

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল কেশম দ্বীপ

ইরানকে চাপে ফেলতে  ‘আয়রন গেট’ অভিযান চালুর ঘোষণা ট্রাম্পের

ইরানকে চাপে ফেলতে ‘আয়রন গেট’ অভিযান চালুর ঘোষণা ট্রাম্পের

ইরান যুদ্ধ বন্ধে শি ও পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

ইরান যুদ্ধ বন্ধে শি ও পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

আরও পড়ুন

দ্য অ্যাটম অ্যান্ড মি: পরমাণু নিরস্ত্রীকরণের আড়ালে ইরানবিরোধী আধিপত্যবাদী রাজনীতি!

দ্য অ্যাটম অ্যান্ড মি: পরমাণু নিরস্ত্রীকরণের আড়ালে ইরানবিরোধী আধিপত্যবাদী রাজনীতি!

ক্যানসার চিকিৎসায় জাতীয় টাস্কফোর্স গঠন এখন সময়ের দাবি

ক্যানসার চিকিৎসায় জাতীয় টাস্কফোর্স গঠন এখন সময়ের দাবি

রাষ্ট্র পুনর্গঠনে জিয়াউর রহমান থেকে তারেক রহমান

রাষ্ট্র পুনর্গঠনে জিয়াউর রহমান থেকে তারেক রহমান

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম