দ্বিতীয় ধাপের তফসিল
১২৯ উপজেলায় ভোট ১৮ মার্চ
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছে না * উপজেলা চেয়ারম্যানকে পদত্যাগ করে প্রার্থী হতে হবে কিনা তা বলতে পারছে না ইসি
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ ভোটের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ ফেব্রুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, ১২৯টি উপজেলা রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ১৭ জেলায় অবস্থিত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব জানান, উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার সংক্রান্ত বিধিমালার সংশোধন প্রক্রিয়া এখনও শেষ হয়নি।
ফলে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে এ মেশিন ব্যবহার করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে ইসি এখনও সিদ্ধান্ত নেয়নি।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৮৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এ নিয়ে দুই ধাপে ২১৬টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হল। প্রথম ধাপের নির্বাচনে তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন আওয়ামী লীগসহ কয়েকটি রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। অপরদিকে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট এ নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। ইসি জানিয়েছে, এবার পাঁচ ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে মার্চ মাসেই হবে চার ধাপের নির্বাচন।
দ্বিতীয় ধাপের নির্বাচনে তফসিল ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার ইসি সচিবালয়ে প্রেস ব্রিফিং করেন সচিব হেলালুদ্দীন আহমদ। এ সময় এক প্রশ্নের জবাবে সচিব বলেন, অন্য সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য হলে পদত্যাগ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে হবে। উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যানরা প্রার্থী হতে হলে পদত্যাগ করতে হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে কমিশন এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি ইসি সচিব জানিয়েছিলেন, নির্বাচন করতে হলে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরও পদত্যাগ করতে হবে। আগামী ১১ ফেব্রুয়ারি এ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত রয়েছে।
ইসি সচিব বলেন, ১২৯টি উপজেলার মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা এবং দিনাজপুর- এ চারটি জেলার সব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগের বগুড়া, নওগাঁ আর পাবনা জেলার সব উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগের সিলেট এবং মৌলভীবাজারের সব উপজেলায় ভোট হবে। ঢাকা বিভাগের গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নোয়াখালী জেলার শুধু হাতিয়া উপজেলা এবং কক্সবাজার জেলার শুধু চকরিয়া উপজেলায় ভোট হচ্ছে। চট্টগ্রাম বিভাগের উত্তর চট্টগ্রামের যতগুলো উপজেলা আছে সব স্থানে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেমন- সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও হাটহাজারী। এছাড়া পার্বত্য তিন জেলায় ভোট হবে দ্বিতীয় ধাপে।
প্রথম ধাপে ইভিএম হচ্ছে না : সচিব জানান, প্রথম ধাপের কোনো উপজেলায় ইভিএম ব্যবহার হচ্ছে না। কারণ হিসেবে তিনি বলেন, উপজেলা নির্বাচনে ইভিএম সংযুক্ত করতে বিধিমালা সংশোধনে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও ইভিএম ব্যবহার হবে কী হবে না, তা কমিশন এখনও নির্ধারণ করেনি।
দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় ভোট : দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় ভোট হবে। এগুলো হচ্ছে- ঠাকুরগাঁও জেলার সদর, বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, পীরগঞ্জ ও হরিপুর। রংপুর জেলার গঙ্গাচড়া, তারাগঞ্জ, পীরগাছা, বদরগঞ্জ, কাউনিয়া ও পীরগঞ্জ। গাইবান্ধা জেলার সদর, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও পলাশবাড়ী। দিনাজপুর জেলার সদর, কাহারোল, বোচাগঞ্জ, চিরিরবন্দর, ফুলবাড়ী, বিরামপুর, হাকিমপুর, বীরগঞ্জ, নবাবগঞ্জ, বিরল, পার্বতীপুর, খানসামা ও ঘোড়াঘাট। বগুড়া জেলার সদর, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, আদমদীঘি, দুপচাঁচিয়া, ধুনট, শাজাহানপুর, শেরপুর, শিবগঞ্জ, কাহালু, গাবতলী ও সোনাতলা। নওগাঁ জেলার সদর, আত্রাই, নিয়ামতপুর, সাপাহার, পোরশা, ধামইরহাট, বদলগাছী, রানীনগর, মহাদেবপুর, পত্নীতলা ও মান্দা। পাবনা জেলার সদর, আটঘরিয়া, বেড়া, ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, ঈশ্বরদী, সাঁথিয়া ও সুজানগর।
এছাড়া সিলেট জেলার সদর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার। মৌলভীবাজার জেলার সদর, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল। গোপালগঞ্জ জেলার সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর। ফরিদপুর জেলার সদর, বোয়ালমারী, চরভদ্রাসন, সদরপুর, সালথা, আলফাডাঙ্গা, মধুখালী, নগরকান্দা ও ভাঙ্গা। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, মীরসরাই, রাউজান ও হাটহাজারী। রাঙ্গামাটি জেলার সদর, লংগদু, নানিয়ারচার, কাপ্তাই, জুরাছড়ি, বাঘাইছড়ি, কাউখালী, বরকল, রাজস্থলী ও বিলাইছড়ি। বান্দরবান জেলার সদর, বোয়াংছড়ি, আলীকদম, থানচি, লামা, রুমা ও নাইক্ষ্যংছড়ি। খাগড়াছড়ি জেলার সদর, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, দীঘিনালা মহালছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা ও রামগড়।
