Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

সুস্থ দম্পতির ঘরেও প্রতিবন্ধী শিশু

Icon

জাহিদ হাসান

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সুস্থ দম্পতির ঘরেও প্রতিবন্ধী শিশু

Advertisement

মা-বাবা দুজনই সুস্থ। পরিবারে জন্মগত ত্রুটির ইতিহাসও নেই। তবু তাদের ঘরেই জন্ম নিচ্ছে শারীরিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতা নিয়ে শিশু। কেউ জন্ম থেকেই শুনতে বা দেখতে পায় না, কারও মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে সমস্যা থাকে। আবার জন্মের সময় বা পরবর্তী জটিলতায় বাধাগ্রস্ত হয় শিশুর স্বাভাবিক বিকাশ। কেন এমন হচ্ছে? এর পেছনে কি জিনগত পরিবর্তন, গর্ভাবস্থায় সংক্রমণ, অপুষ্টি, পরিবেশদূষণ, ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শ কিংবা প্রসবকালীন জটিলতা দায়ী? চিকিৎসাবিজ্ঞান বলছে, এসব সমস্যার পেছনে একাধিক কারণ থাকতে পারে। কিছু ঝুঁকি কমানো সম্ভব, আবার সব জন্মগত ত্রুটি প্রতিরোধ করা যায় না। ফলে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে বড় করে তুলতে গিয়ে অনেক পরিবারকে দীর্ঘমেয়াদি চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসনের কঠিন লড়াই চালাতে হয়।

বিশেষজ্ঞদের মতে, প্রতিবন্ধী শিশু জন্ম নেওয়ার জন্য মা-বাবাকে দায়ী করা ঠিক নয়। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কারণ শনাক্ত করাও সম্ভব হয় না। তবে গর্ভধারণের আগে স্বাস্থ্য পরীক্ষা, নিয়মিত প্রসবপূর্ব সেবা, পুষ্টি নিশ্চিত করা, নিরাপদ ওষুধ ব্যবহার এবং দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে প্রসবের মাধ্যমে কিছু ঝুঁকি কমানো সম্ভব। একই সঙ্গে জন্মের পর শিশুর বিকাশে অস্বাভাবিকতা দ্রুত শনাক্ত করে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করাও জরুরি।

জিনগত ত্রুটিই একমাত্র কারণ নয় : বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ খালেদ বিন ইসমাইল যুগান্তরকে বলেন, জন্মগত ত্রুটি সাধারণত তিন ধরনের-গঠনগত, কার্যগত ও বিপাকীয়। গঠনগত ত্রুটির ক্ষেত্রে শিশুর শরীরের কোনো অঙ্গ স্বাভাবিকভাবে তৈরি হয় না। যেমন হাত-পায়ের কোনো অংশের অনুপস্থিতি কিংবা হৃদযন্ত্রের জন্মগত ত্রুটি। কার্যগত সমস্যায় শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, বুদ্ধিবৃত্তিক বিকাশ বা স্নায়ুতন্ত্রের কার্যক্রমে সমস্যা দেখা দিতে পারে। আর বিপাকীয় ত্রুটির কারণে শরীরের কিছু রাসায়নিক প্রক্রিয়া স্বাভাবিকভাবে কাজ করে না। অনেক ক্ষেত্রে জন্মের পরপরই এসব সমস্যা বোঝা যায় না। তিনি আরও বলেন, জিনগত পরিবর্তন ও ক্রোমোজোমের অস্বাভাবিকতার কারণে জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। মা-বাবার কারও মধ্যে নির্দিষ্ট জিনগত বৈশিষ্ট্য থাকলে তা সন্তানের মধ্যে প্রকাশ পেতে পারে। আবার মা-বাবার দৃশ্যমান কোনো সমস্যা না থাকলেও নতুন জিনগত পরিবর্তনের কারণে শিশুর জন্মগত ত্রুটি হতে পারে।

তবে সব প্রতিবন্ধিতা জন্মগত নয়। জন্মের সময় অক্সিজেনের গুরুতর ঘাটতি, অপরিণত অবস্থায় জন্ম, মস্তিষ্কে আঘাত, নবজাতকের সংক্রমণ কিংবা পরবর্তী জীবনে বিভিন্ন অসুস্থতা থেকেও দীর্ঘমেয়াদি প্রতিবন্ধিতা তৈরি হতে পারে।

গর্ভাবস্থায় বাড়ে যেসব ঝুঁকি : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সালেহা বেগম যুগান্তরকে বলেন, গর্ভাবস্থার প্রথম কয়েক সপ্তাহে ভ্রূণের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হয়। এ সময় গর্ভবতী নারী ক্ষতিকর উপাদানের সংস্পর্শে এলে জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়তে পারে।

বিশেষ করে রুবেলা ভাইরাসে সংক্রমণ হলে শিশুর শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। গর্ভাবস্থায় কিছু সংক্রমণ ভ্রূণের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশেও প্রভাব ফেলে। মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অপুষ্টি ও আয়োডিনের ঘাটতিও ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া গর্ভধারণের আগে ও শুরুর দিকে ফলিক অ্যাসিডের অভাবের সঙ্গে মস্তিষ্ক ও মেরুদণ্ডের নিউরাল টিউবের ত্রুটির সম্পর্ক রয়েছে।

পরিবেশদূষণ ও ক্ষতিকর রাসায়নিকের প্রভাব : পাবলিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের লাইফ মেম্বার ও জনস্বাস্থ্যবিদ ডা. আবু জামিল ফয়সাল যুগান্তরকে বলেন, ভেজাল খাদ্যাভ্যাস, ধূমপান, পরোক্ষ ধূমপান, অ্যালকোহল এবং কিছু মাদক ভ্রূণের বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্রে সিসা, পারদ, কীটনাশক ও অন্যান্য বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শও উদ্বেগের বিষয়।

তবে কোনো পরিবেশগত উপাদানের সঙ্গে নির্দিষ্ট রোগের সম্পর্ক পাওয়া গেলেই সেটিকে একমাত্র কারণ বলা যায় না। ঝুঁকির মাত্রা নির্ভর করে উপাদানের ধরন, সংস্পর্শের সময় ও পরিমাণসহ বিভিন্ন বিষয়ের ওপর।

ডা. আবু জামিল ফয়সাল আরও বলেন, গর্ভবতী নারী দীর্ঘ সময় অতিরিক্ত তাপমাত্রার মধ্যে কাজ করলে গর্ভস্থ সন্তানের বিকাশে ঝুঁকি তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদি শব্দদূষণ, ধূলিকণা এবং আবর্জনা থেকে নির্গত মিথেন গ্যাসের সংস্পর্শেও গর্ভাবস্থায় জটিলতার আশঙ্কা নিয়ে উদ্বেগ রয়েছে।

ওষুধ সেবনে চাই সতর্কতা : গর্ভাবস্থায় সব ওষুধ ক্ষতিকর নয়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন নিরাপদ নয়। কিছু ওষুধ ভ্রূণের বিকাশে প্রভাব ফেলতে পারে। তাই গর্ভধারণের পরিকল্পনা করার সময় থেকেই নিয়মিত সেবন করা ওষুধ সম্পর্কে চিকিৎসককে জানাতে হবে। নতুন ওষুধ শুরু করা কিংবা আগে থেকে সেবন করা ওষুধ বন্ধ করার সিদ্ধান্তও চিকিৎসকের পরামর্শে নিতে হবে।

রুবেলা প্রতিরোধে টিকাদান গুরুত্বপূর্ণ। গর্ভধারণের আগে টিকার অবস্থা যাচাই করা উচিত। রুবেলার টিকা জীবিত-দুর্বল ভাইরাসভিত্তিক হওয়ায় গর্ভাবস্থায় সাধারণত এ টিকা দেওয়া হয় না। প্রয়োজন হলে গর্ভধারণের আগেই চিকিৎসকের পরামর্শে টিকা নিতে হবে।

নিরাপদ প্রসব কমাতে পারে জটিলতা : অধ্যাপক ডা. সালেহা বেগম বলেন, জন্মগত ত্রুটি এবং জন্মের সময় বা পরে সৃষ্ট প্রতিবন্ধিতা এক বিষয় নয়। গর্ভে থাকতেই তৈরি হওয়া অনেক ত্রুটি প্রসবের মাধ্যমে দূর করা যায় না। তবে প্রসবকালীন জটিলতা দ্রুত শনাক্ত করে চিকিৎসা দেওয়া গেলে শিশুর মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি, গুরুতর আঘাত ও কিছু দীর্ঘমেয়াদি জটিলতার ঝুঁকি কমানো সম্ভব।

এজন্য দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে প্রসব, মা ও শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং নবজাতকের জরুরি সেবা নিশ্চিত করতে হবে। অপরিণত ও কম ওজনের শিশুদের যথাযথ পরিচর্যাও জরুরি।

সরকারি ডেটাবেজে প্রায় ৪৬ লাখ প্রতিবন্ধী : দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও অধিকার নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ। সরকারি ডেটাবেজে প্রায় ৪৬ লাখ প্রতিবন্ধী ব্যক্তির তথ্য রয়েছে। একটি গবেষণায় প্রায় সাড়ে তিন লাখ শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত বলে উঠে এসেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে গত বছর বহির্বিভাগে চিকিৎসা নিতে পেরেছে ৩ হাজার ৩০০ শিশু। ফলে বিপুলসংখ্যক শিশুর কাছে প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন সেবা পৌঁছানো নিয়ে উদ্বেগ রয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত বলেন, প্রকৃত চাহিদা বিবেচনায় অন্তত এক কোটি মানুষের কাছে রাষ্ট্রীয় সেবা ও অধিকার পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরে ২২টি জেলায় ‘শিশুস্বর্গ’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে আক্রান্ত শিশুদের চিকিৎসা, থেরাপি ও পুনর্বাসন সেবা সমন্বিতভাবে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে শিশুদের দ্রুত শনাক্ত করতে কমিউনিটিভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

চিকিৎসার পাশাপাশি বাড়াতে হবে দক্ষ জনবল : বিএমইউর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চিকিৎসক ও অটিজমবিষয়ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জান্নাতারা শেফা যুগান্তরকে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বেশি সংবেদনশীল। তাদের বাড়তি যত্ন প্রয়োজন। চিকিৎসকের পাশাপাশি পরিবারের সদস্যদেরও নিয়মিত পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিকিৎসা, সেবা ও পুনর্বাসনের পাশাপাশি দক্ষ জনবল তৈরিও জরুরি। এ লক্ষ্যে বিএমইউতে ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) রয়েছে। তবে নিউরোডেভেলপমেন্টাল সমস্যায় আক্রান্ত শিশুদের যথাযথ পরিচর্যা ও পুনর্বাসনে দক্ষ পেশাজীবীর সংখ্যা আরও বাড়াতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসক, থেরাপিস্ট ও মনোবিজ্ঞানীর পাশাপাশি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানও বাড়ানো প্রয়োজন।

মেডিকেল কলেজগুলোতে শিশু বিকাশকেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত পেশাজীবীরা চিকিৎসাসেবা দেন। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে শুধু সরকারের ওপর নির্ভর না করে বিত্তবান ব্যক্তি, শিল্পগোষ্ঠী ও শিক্ষিত সমাজকেও এগিয়ে আসতে হবে।

প্রতিরোধে সচেতনতাই বড় শক্তি : বিশেষজ্ঞদের মতে, জন্মগত ত্রুটি ও প্রতিবন্ধিতার ঝুঁকি কমাতে বাল্যবিয়ে ও অপরিণত বয়সে গর্ভধারণ নিরুৎসাহিত করা, গর্ভধারণের আগে স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় টিকা ও পুষ্টি নিশ্চিত করা জরুরি। চিকিৎসকের পরামর্শে ফলিক অ্যাসিড গ্রহণ, গর্ভাবস্থায় নিয়মিত পরীক্ষা, সংক্রমণ শনাক্তকরণ এবং ওষুধ ব্যবহারে সতর্কতাও প্রয়োজন। একই সঙ্গে কর্মক্ষেত্র ও পরিবেশে বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শ কমাতে হবে। জন্মের পর শিশুর শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, বিপাকীয় সমস্যা ও বিকাশের অস্বাভাবিকতা দ্রুত শনাক্ত করা জরুরি। সমস্যা ধরা পড়লে দেরি না করে চিকিৎসা, থেরাপি, বিশেষ শিক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, সব জন্মগত ত্রুটি প্রতিরোধ করা সম্ভব নয়। তবে যথাযথ স্বাস্থ্যসেবা, সচেতনতা ও দ্রুত শনাক্তকরণের মাধ্যমে অনেক ঝুঁকি কমানো যায়। প্রতিবন্ধী শিশুর বিকাশ নিশ্চিত করতে চিকিৎসার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রের সমন্বিত সহায়তা প্রয়োজন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস মিছিলে হামলায় ২ বিএনপি নেতা নিহত

মিছিলে হামলায় ২ বিএনপি নেতা নিহত

সুস্থ দম্পতির ঘরেও প্রতিবন্ধী শিশু

সুস্থ দম্পতির ঘরেও প্রতিবন্ধী শিশু

সংসদে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি পলাতক স্বৈরাচারের মাথা আবারও গুঁড়িয়ে দিতে চাই

পলাতক স্বৈরাচারের মাথা আবারও গুঁড়িয়ে দিতে চাই

পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম