Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস

মিছিলে হামলায় ২ বিএনপি নেতা নিহত

বাসে আগুনে প্রাণ গেল ঘুমন্ত হেলপারের * বাস, ট্রেন, গ্রামীণ ব্যাংক, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ * ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা নিক্ষেপ * বোমাসদৃশ বস্তু উদ্ধার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মিছিলে হামলায় ২ বিএনপি নেতা নিহত

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেওয়া আগুনে পোড়া পুলিশের এপিসি। বুধবার তোলা ছবি -যুগান্তর

Advertisement

দেশের বিভিন্ন স্থানে আগুন-সন্ত্রাস, ভাঙচুর, পেট্রোলবোমা নিক্ষেপসহ নাশকতা চালিয়ে জনমনে ভয়-ভীতি সঞ্চারের চেষ্টা চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নড়াইলের কালিয়ায় বুধবার সন্ধ্যায় নাশকতাবিরোধী মিছিলে আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। তারা হলেন উপজেলা কৃষক দলের সম্পাদক শাহীনুর রহমান শাহীন ও জাসাসের সম্পাদক সোহেল মোল্লা। এ সময় বেশ কয়েকটি মোটরবাইক ভাঙচুর করা হয়েছে। এর আগে এক রাতেই ট্রেন, বেশ কয়েকটি বাস-ট্রাকে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটেছে।

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা গেছেন এক হেলপার। নারায়ণগঞ্জে বাস, লেগুনা ও ট্রেনে আগুন দেওয়া হয়েছে। পিরোজপুরের নাজিরপুরে পুড়েছে ব্যবসা প্রতিষ্ঠান। আগুন দেওয়ার চেষ্টা হয়েছে ইউনিয়ন পরিষদে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়, বিএনপির কার্যালয় ও রেলস্টেশনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কোথাও পেট্রোলবোমা নিক্ষেপ, কোথাও ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার পর্যন্ত এসব ঘটনা ঘটে।

বাসে আগুনে হেলপারের মৃত্যু

পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যান মো. সিয়াম হাওলাদার। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠি গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাস দাঁড়িয়ে ছিল। দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। টহল পুলিশ আগুন দেখে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের সরিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের লাশ উদ্ধার করেন। ভাণ্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিয়াম দীর্ঘদিন পিরোজপুর-মঠবাড়িয়া রুটে বাসের হেলপার হিসাবে কাজ করতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। ছোট ভাই সিফাত হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী। ছয় বছর আগে ক্যানসারে মারা যান সিয়ামের মা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছে পরিবারটি। সিয়ামের সৎ-মা শিল্পী বেগম বলেন, ‘আমাদের সংসারের একমাত্র উপার্জনকারী ছিল সিয়াম। ওকে হারিয়ে আমরা এখন পুরোপুরি অসহায় হয়ে পড়লাম।’

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ-সদস্য আহম্মেদ সোহেল মঞ্জুর এ ঘটনায় শোক প্রকাশ করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

এ ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। বাসে অগ্নিসংযোগ ও ঘুমন্ত অবস্থায় হেলপার সিয়ামের মৃত্যুর ঘটনায় তার মামা মুহাম্মদ ইউসুফ এবং বাসের চালক মো. আক্কাস হাওলাদার বাদী হয়ে মামলা দুটি করেছেন।

দোকান পুড়ল, ইউপি ভবনে আগুন

পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে কবিরাজবাড়ী বাজারের চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। একই রাতে শাখারিকাঠি ইউনিয়ন পরিষদ ভবনেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়। আগুনে দোকানপাটের পাশাপাশি ইউনিয়ন পরিষদের হলরুমের দরজা, জানালা, বেঞ্চ ও টিসিবির কিছু পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। অন্য স্থানে আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। এছাড়া মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগরে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কেও কাঠ জড়ো করে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

বাস, লেগুনা ও ট্রেনে আগুন

রাজধানীর পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকাল ৫টার দিকে পল্লবী থানার সাগুফতা ফুড কোর্টের সামনে এ ঘটনা ঘটে। পরে বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় এক রাতেই তিনটি বাস, দুটি লেগুনা ও একটি ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে।

রাত সাড়ে ৩টার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় মেঘলা বাস ডিপোর সামনে দাঁড়িয়ে থাকা মেঘলা ট্রান্সপোর্টের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে তারা আগুন ধরিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়। বাসমালিক শহিদুল আলম জানান, বাস দুটির আয় দিয়ে তিনি অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের খরচ চালাতেন। একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘থ্রি স্টার’ পরিবহণের একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যান। ভোর ৫টার দিকে চাঁনমারী এলাকায় পার্ক করে রাখা দুটি লেগুনায় আগুন দেয় তিন যুবক। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর পৌনে ৬টার দিকে চাষাঢ়া রেলস্টেশনে ঢাকাগামী একটি ট্রেনের বগিতেও আগুন দেওয়া হয়। যাত্রী ওঠানোর সময় আগুন ও ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রেলওয়ে কর্মীদের দ্রুত তৎপরতায় আগুন নিভে যায়।

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম চান্দরা এলাকায় একটি মিনি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

রংপুর নগরীর পর্যটনপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসেও মঙ্গলবার গভীর রাতে আগুন দেওয়া হয়। বাসে তখন কোনো যাত্রী বা চালক ছিলেন না। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশের চেরা বোঝাই একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একই রাতে উপজেলার খাঞ্জাপুরের ফকিরবাড়ি এলাকায় মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

বিএনপির কার্যালয় ও বাড়িতে অগ্নিসংযোগ

নেত্রকোনার বারহাট্টায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এতে কার্যালয়ের পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকান পুড়ে যায়। একই উপজেলার পরিত্যক্ত অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মেও আগুন ধরানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায়, প্ল্যাটফর্মের তিনটি পিলারে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়নি।

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতা ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তিনজন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় বলে তিনি ফেসবুকে জানিয়েছেন।

গ্রামীণ ব্যাংকের একাধিক কার্যালয়ে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ও ঢেমশা শাখার ভবনের প্রধান ফটকে আগুন দেওয়া হয়েছে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়। টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। নৈশপ্রহরী ও কর্মকর্তারা পানি ও বালি দিয়ে আগুন নেভান। এতে কলাপসিবল গেট ও দরজা পুড়ে যায়। ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হলে ব্যবস্থাপক ও কর্মীরা দ্রুত তা নিভিয়ে ফেলেন।

হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কালিয়ারভাঙ্গা শাখার সাইনবোর্ড ও ব্যানারে আগুন দেওয়া হয়। রাজশাহীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও বিভাগীয় কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হেলমেট পরা দুই যুবককে বোমা নিক্ষেপ করতে দেখা যায়। বরিশাল নগরীর সিএন্ডবি সড়কে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসেও পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। একই সময়ে বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কে আগুন ধরিয়ে দেয় সাত থেকে আটজনের একটি দল। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ককটেল বিস্ফোরণ, ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মাটিডালী এলাকায় এ ঘটনা ঘটে। ককটেল ছুড়ে স্লোগান দিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা। নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। বিএনপি নেতা নয়ন ইসলাম এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বস্তুগুলো প্রকৃত বোমা কি না, তা পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে।

[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন স্টাফ রিপোর্টার, ব্যুরো ও প্রতিনিধিরা]

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস মিছিলে হামলায় ২ বিএনপি নেতা নিহত

মিছিলে হামলায় ২ বিএনপি নেতা নিহত

সুস্থ দম্পতির ঘরেও প্রতিবন্ধী শিশু

সুস্থ দম্পতির ঘরেও প্রতিবন্ধী শিশু

সংসদে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি পলাতক স্বৈরাচারের মাথা আবারও গুঁড়িয়ে দিতে চাই

পলাতক স্বৈরাচারের মাথা আবারও গুঁড়িয়ে দিতে চাই

পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম