Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

সংসদে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পলাতক স্বৈরাচারের মাথা আবারও গুঁড়িয়ে দিতে চাই

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পলাতক স্বৈরাচারের মাথা আবারও গুঁড়িয়ে দিতে চাই

Advertisement

পতিত ফ্যাসিবাদী শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না উল্লেখ করে জাতীয় সংসদে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে একমঞ্চে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, আসুন চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম, একই চেতনায় আমরা আবারও তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই। অপশক্তির বিষদাঁত জনগণ ভেঙে দেবে। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাঁবেদারের হাতে সঁপে দেব না। স্বৈরাচারের বিরুদ্ধে সব দলকে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রতিটি গণতান্ত্রিক দলকে আহ্বান জানিয়ে বলতে চাই-আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা একমঞ্চে দাঁড়াই।’

আওয়ামী লীগকে সন্ত্রাসী দল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। জনগণকে হত্যা করার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে। সন্ত্রাসী দলটি প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়। তারা একটি সন্ত্রাসীগোষ্ঠী।

খালেদা জিয়ার উচ্চারণ ধারণ করতে হবে : প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃপ্ত উচ্চারণ করেছিলেন, আজ আবারও সেই উচ্চারণ আমাদের কণ্ঠে ধারণ করতে হবে। ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই হোক আমাদের আজকের অঙ্গীকার। কোনো সন্ত্রাসীগোষ্ঠী কিংবা গণতন্ত্রবিরোধী অপশক্তিকে এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেব না।

হাজারো মানুষের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কখনোই মসৃণ ছিল না। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বারবার ষড়যন্ত্র হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা হয়েছে। এসব ষড়যন্ত্র সব সময় দেশের বাইরে থেকে আসেনি। এই দেশের মাটিতে জন্ম নেওয়া, এ দেশের আলো-বাতাসে বেড়ে ওঠা একটি তাঁবেদার ও গণবিরোধী অপশক্তিকে ব্যবহার করে বারবার দেশের অগ্রযাত্রা ব্যাহতের চেষ্টা করা হয়েছে।

ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছিল : ফ্যাসিস্ট সরকারের সময়কালের দুঃশাসনের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, ২০০৯ সালের পর দেশে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্মম হত্যাকাণ্ড দেশের ইতিহাসে গভীর ক্ষত তৈরি করেছে। পরবর্তী সময়ে শাপলা চত্বরে সংঘটিত ঘটনায় অসংখ্য মানুষের হতাহত দেশজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করে।

তিনি বলেন, আমরা এমন একটি সময় অতিক্রম করেছি, যখন দেশে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী দল কিংবা ভিন্নমতের মানুষ-কেউই নিরাপদ বোধ করতেন না। গুম, খুন, অপহরণ ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল। নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তাদের স্বাধীনতা ও কার্যকারিতা হারিয়েছিল। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন দেশের কোটি কোটি মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার হরণের স্মারক হয়ে রয়েছে। সেই সময়ে দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধেরও চরম অবক্ষয় ঘটেছিল। রাষ্ট্র ও সমাজে মানুষের মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার ক্রমাগত সংকুচিত হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, অপশক্তি নিজেদের ফ্যাসিবাদী ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন দমনে নজিরবিহীন দমন-পীড়ন ও হত্যাকাণ্ড ঘটায়। হাজারো মানুষের জীবন বিপন্ন হয়, অসংখ্য মানুষ আহত ও পঙ্গুত্বের শিকার হন। ক্ষমতায় টিকে থাকাই তাদের কাছে রাষ্ট্র ও জনগণের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

তবে বাংলাদেশের সাহসী সন্তানরা মাথা নত করেননি। আবু সাঈদসহ অসংখ্য বীর ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাদের আত্মত্যাগের মুখে তাঁবেদার ও গণবিরোধী শক্তি পালিয়ে যেতে বাধ্য হয়।

আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই : দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার বিপর্যন্ত পরিস্থিতিতে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। দেশের জনগণের কষ্টার্জিত অর্থ লুটপাট করে তারা বিদেশে সম্পদের পাহাড় গড়েছে।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠী রাষ্ট্রকে নিজেদের ব্যক্তিগত বা দলীয় সম্পত্তি মনে করতে পারবে না। ক্ষমতা হবে জনগণের সেবা করার মাধ্যম।

ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ : তারেক রহমান বলেন, বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির প্রভাব থেকে আমরা কোনোভাবেই মুক্ত থাকতে পারিনি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতির ওপর এর প্রভাব পড়েছে। বাংলাদেশকেও জ্বালানি সংকটের মতো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা ও উৎপাদনব্যবস্থা সচল রাখার স্বার্থে জ্বালানি খাতে সরকারকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। আমাদের প্রধান লক্ষ্য বর্তমান সংকট মোকাবিলা করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া। বাংলাদেশ ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

তিনি বলেন, বিরোধীদলীয় নেতাকে একটি বিষয় পরিষ্কার করতে চাই। আপনার বক্তব্যে বিভিন্ন চুক্তির কথা উল্লেখ করা হয়েছে। বাস্তবে এসব সফরে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়েছে; এখন পর্যন্ত সেগুলোকে চূড়ান্ত বিনিয়োগ চুক্তি হিসাবে বিবেচনা করার সুযোগ নেই। তবে আপনি যে বিষয়গুলো জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ, আগামী অধিবেশনে আমরা সেগুলো সংসদের সামনে উপস্থাপন করব।

চীন, তুরস্ক, জাপানসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশের বিভিন্ন খাতে বড় ধরনের বিনিয়োগের ব্যাপারে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেলে দেশে নতুন শিল্পকারখানা গড়ে উঠবে। তিনি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি জনগণের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিও সরকারের সর্বোচ্চ গুরুত্বের মধ্যে রয়েছে।

দ্রুতই নতুন মজুরি কাঠামো ঘোষণা : সরকার পোমাকশিল্পের শ্রমিকদের সমস্যা, দাবি ও অধিকার সম্পর্কে সম্পূর্ণ সচেতন উল্লেখ করে সরকারপ্রধান বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং কর্মপরিবেশ উন্নত করার বিষয়ে আন্তরিকভাবে কাজ করছি। সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুতই নতুন মজুরি কাঠামো ঘোষণা এবং সেই অনুযায়ী শ্রমিকদের বেতন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, যারা বিদেশে পলাতক কোনো অপশক্তির উসকানিতে নিজেদের কর্মস্থলে ভাঙচুর করছেন, তাদের কাছে প্রশ্ন-নিজের কর্মস্থলটি ধ্বংস করলে বেতন আসবে কোথা থেকে? পরিবারের জীবিকা নির্বাহ হবে কীভাবে? সন্তানদের ভবিষ্যৎ কী হবে?

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বারবার প্রমাণিত হয়েছে, এত মানুষের রক্ত, আত্মত্যাগ, এত গুম, খুন ও নির্যাতনের পরও এই অপশক্তির চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। দেশের ভেতরে কিংবা বাইরে-যেখানেই তাদের অবস্থান হোক না কেন, সুযোগ পেলেই তারা সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিচ্ছে। গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ আবারও আমাদের সামনে সেই বাস্তবতাকে স্পষ্ট করেছে।

সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্রে থাকতে পারে না : প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, হামলা, অগ্নিসংযোগ ও হত্যার পথ বেছে নেওয়া হলে গণতান্ত্রিক রাজনীতিতে তাদের কোনো স্থান থাকতে পারে না। রাজনীতি কখনোই সন্ত্রাস, প্রতিহিংসা কিংবা মানুষ হত্যার লাইসেন্স হতে পারে না। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেরাই প্রমাণ করছে, গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার সঙ্গে তাদের অবস্থানের গভীর বিরোধ রয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতাকামী, গণতন্ত্রপ্রিয় জনগণের পাশে দাঁড়াচ্ছে না; বরং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত শক্তিগুলোর প্রতি সমর্থন দেখাচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস মিছিলে হামলায় ২ বিএনপি নেতা নিহত

মিছিলে হামলায় ২ বিএনপি নেতা নিহত

সুস্থ দম্পতির ঘরেও প্রতিবন্ধী শিশু

সুস্থ দম্পতির ঘরেও প্রতিবন্ধী শিশু

সংসদে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি পলাতক স্বৈরাচারের মাথা আবারও গুঁড়িয়ে দিতে চাই

পলাতক স্বৈরাচারের মাথা আবারও গুঁড়িয়ে দিতে চাই

পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম