|
ফলো করুন |
|
|---|---|
ফুলবাড়ীয়ায় দু’শিশুসহ চার স্থানে ৬ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : ফুলবাড়ীয়া উপজেলায় পৃথক ঘটনায় সড়কে প্রাণ গেল দুই শিশুর। আহত হয়েছে আরও ৬ জন। বৃহস্পতিবার লরির চাকার নিচে পড়ে কুশমাইল ছলির বাজারসংলগ্ন স্থানে আবুল কালামের শিশুপুত্র জিহাদ হোসেন নিহত হয়।
এদিকে বুধবার রাতে কেশরগঞ্জ তালতালা সড়কে সিএনজি ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাক্তা গ্রামের মোতালেব হোসেনের ৫ বছরের শিশুপুত্র মোবাশ্বের হোসেন ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় শিশু মিম আক্তার, সুরুজ আলী, মিন্টু মিয়া, আসমা আক্তার, হাজেরা খাতুনসহ ৬ জন।
চট্টগ্রাম ব্যুরো : নগরীতে তেলবাহী লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার এয়ারপোর্ট রোডের সিমেন্ট ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিরোজপুরের চালনা এলাকার ফারুক শেখের ছেলে আল আমিন ও একই এলাকার শহীদ শেখের ছেলে রাব্বি শেখ। নিহতরা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই।
এদিকে বুধবার রাতে বন্দর এলাকায় ট্রাকচাপায় ফরহাদ মুরাদ নামক এক ব্যক্তি নিহত হন।
বাহুবল (হবিগঞ্জ) : বাহুবল উপজেলায় ট্রাক-নছিমন সংঘর্ষে ইব্রাহিম মিয়া (১৮) নামের এবক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নছিমন চালক নুর আলী।
বৃহস্পতিবার পুটিজুরী ইউনিয়নের বামপাতা রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম উপজেলার ভাটপাড়া গ্রামের আবদুস শহীদের ছেলে।
ত্রিশাল (ময়মনসিংহ) : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বাগান রাঙ্গামাটি নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মাঝে ১৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার মহাসড়কের বাগান নামক স্থানে শাহজালাল এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার দুটিই সড়কের পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
