নিয়ামতপুরে বালুর পরিবর্তে মাটি দিয়ে সড়ক নির্মাণ
এলাকাবাসীর ক্ষোভ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নিয়ামতপুরে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ১৫ কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজে বালুর পরিবর্তে নিুমানের মাটি এবং ইটের গুঁড়া ও টুকরা ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয়রা। জানা যায়, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী বাজার থেকে বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কটির দুই পাশ প্রশস্তকরণের কাজ চলছে। ওই গুরুত্বপূর্ণ প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খাইরুল কবির রানা এন্টারপ্রাইজ। স্থানীয়দের অভিযোগ, নিয়মানুযায়ী সড়কের দুই পাশে বালু দিয়ে ভরাট করার কথা থাকলেও ২৭ অক্টোবর গভীর রাতে বরিয়া মোড়ে বালুর পরিবর্তে মাটির সঙ্গে ইটের টুকরো ও নর্দমার কাদামাটি মিশিয়ে ভরাটের চেষ্টা চালান ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে কাজে বাধা দেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসীর বাধার মুখে মাটিবোঝাই একাধিক ট্রাক্টর স্থান ত্যাগ করে এবং নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, তিনি ওই রাস্তা ব্যবহার করে বিদ্যালয়ে যাওয়া-আসা করেন প্রতিদিন। তিনিও সড়কে কালচে রঙের মাটির স্তূপ দেখেছেন। তবে কী কাজে ব্যবহার করা হবে, তা তিনি জানেন না। এমন ঘটনায় বরিয়া গ্রামের বাসিন্দা মজিদুল ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের দুই পাশে বালুর পরিবর্তে কাদামাটি ব্যবহার করা হচ্ছে। এতে সড়কের স্থায়িত্ব কয়েকদিনও টিকবে না। একই গ্রামের রাজু আহম্মেদ বলেন, কাজের সময় নিয়মানুযায়ী নিয়মিত পানি দেওয়া হয়নি। যেখানে ভালো মানের নির্মাণসামগ্রী, বালু দেওয়ার কথা, সেখানে ভাটার শক্ত মাটি ও নর্দমার ময়লা মাটি তুলে এনে ভরাট করা হচ্ছিল। এমন অনিয়মের কাজে আমরা বাধা দিই। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, বালুর পরিবর্তে মাটি দিয়ে কাজ হচ্ছে এমনটা নয়। ঠিকাদারি প্রতিষ্ঠান অন্য সাইট থেকে দুই গাড়ি এমএম ডব্লিউ নিয়ে এসেছিল, আমি জানতে পেরে ঘটনাস্থলে যাই এবং মালামালগুলো অপসারণ করার ব্যবস্থা করি। তিনি জানান, সড়ক নির্মাণে নিুমানের সামগ্রীর ব্যবহার বা কোনো অনিয়ম মেনে নেবেন না তিনি। নিয়ম মেনেই সড়ক প্রশস্তকরণের কাজ হবে বলেও মন্তব্য করেন।
