Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ার চিরনিদ্রায়

Icon

সাংস্কৃতিক রিপোর্টার

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ার চিরনিদ্রায়

জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সিনিয়র সহসভাপতি ও যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ সাংবাদিক নেতারা -যুগান্তর

Advertisement

সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদন শেষে দেশবরেণ্য সাংবাদিক ও মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এখানেই অনন্তকাল নিদ্রায় থাকবেন তিনি। গোলাম সারওয়ারের মরদেহ বৃহস্পতিবার সকালে তার প্রিয় কর্মস্থল সমকালে নেয়া হয়। সেখনে সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সমকাল পরিবারের যৌথ আয়োজনে সেখানে মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। পরে সবার প্রিয় ‘সারওয়ার ভাই’র মরদেহ নেয়া হয় তার প্রিয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় গার্ড অব অনার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে গোলাম সারওয়ারকে শ্রদ্ধা জানান সাংবাদিক নেতারা ও বিশিষ্টজনরা। সবার বক্তব্যে উঠে আসে একটি কথা- ‘এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল জাতির’। এরপর চতুর্থ দফা জানাজা শেষে বিকাল ৪টা ৪০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গোলাম সারওয়ারকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

শেষবারের মতো কর্মস্থলে : সকাল সাড়ে ৮টায় বারডেমের হিমঘর থেকে প্রিয় সম্পাদক গোলাম সারওয়ারের মরদেহ তার কর্মস্থল সমকাল কার্যালয়ে নেয়া হয়। সমকাল পরিবারের সদস্যরা সেখানে তাদের এই অভিভাবকে শেষ শ্রদ্ধা জানান। সোয়া ৯টার দিকে সমকাল কার্যালয়-সংলগ্ন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল মাঠে গোলাম সারওয়ারের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গোলাম সারওয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে।

শহীদ মিনারে শ্রদ্ধা : লাশবাহী ফ্রিজিং ভ্যানে করে কেন্দ্রীয় শহীদ মিনারে গোলাম সারওয়ারের মৃতদেহ পৌঁছে সকাল ১০টা ১০ মিনিটে। নির্ধারিত সময় সকাল ১১টার একটু আগেই শুরু হয় শ্রদ্ধা জানানোর পর্ব। ফুলে ফুলে ভরে যায় শোকবেদি। প্রিয় ছাত্র গোলাম সারওয়ারকে আদরমিশ্রিত শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আসেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। জাতীয় সংসদের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে গোলাম সারওয়ারের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্ব গোলাম সারওয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষে (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে কমিশনার আছাদুজ্জামান মিয়া, নৌপুলিশের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান গোলাম সারওয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরিন আক্তারের নেতৃত্ব দলটির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া নাজমুল হক প্রধানের নেতৃত্বে বাংলাদেশ জাসদ, শাহে আলম মুরাদের নেতৃত্বে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ, সাইফুল হকের নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বজলুর রশিদ ফিরোজের নেতৃত্বে বাসদ, ডা. অসিত বরণ রায়ের নেতৃত্বে কমিউনিস্ট কেন্দ্র, ভিসি মো. আখতারুজ্জামান ও প্রো-ভিসি মুহম্মদ সামাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রদ্ধা নিবেদন করে। এ ছাড়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, কনসিটো পিআর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, তথ্যসচিব আবদুল মালেক, জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ, আরটিভি, মাইটিভি, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, বঙ্গবন্ধু মহিলা পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, বার কাউন্সিলের পক্ষে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন ও অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, নাট্যজন রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, খুশী কবির, জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, খেলাঘর আসর, সাংবাদিক-লেখক সুভাষ সিংহ রায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সমকাল সুহৃদ সমাবেশ, ড. এমএ ওয়াজেদ মেমোরিয়াল ফাউন্ডেশন, সম্মিলিত সামাজিক আন্দোলন, আবৃত্তি সমন্বয় পরিষদ, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, যুবলীগ, জাতীয় জাদুঘর, ওয়ার্কার্স পার্টি, ফ্রিডম ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, সেক্টর কমান্ডারস ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সিপিবি, বিএমএ, আইকো ট্যাগ গ্র“প, ন্যাপ, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, গণসঙ্গীত শিল্পী সমন্বয় পরিষদ, শিশু একাডেমি, জাতীয় প্রেস কাউন্সিল, ছাত্র মৈত্রী, সাপ্তাহিক পত্রিকা সাংবাদিক পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহিলা কলেজ, মানুষের জন্য ফাউন্ডেশন, নাট্যজন ম হামিদ, নাট্যজন শংকর সাঁওজাল, গণগ্রন্থাগার অধিদফতর, বিজিএমইএ, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র, গ্র“প থিয়েটার ফেডারেশান, এটাব, পিআইবি, আনন ফাউন্ডেশন, বহ্নিশিখা, পীযূষ বন্দ্যোপাধ্যায়, চ্যানেল টুয়েন্টিফোর, এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, কবি কাজী রোজী, পথনাটক পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন ও ব্যক্তি ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

পরিবারের পক্ষ থেকে গোলাম সারওয়ারের বড় ছেলে গোলাম শাহরিয়ার রঞ্জু বলেন, ‘আমার বাবার জীবনের চারটি অধ্যায় ছিল। এগুলো হল- সমকাল, প্রেস ক্লাব, পরিবার ও বানারীপাড়া। তিনি এ চারটি অধ্যায়কে সব চোখে দেখতেন। কখনও কাউকে না করতে পারতেন না। তিনি সব সময় একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতেন। অনন্য উচ্চতায় দেখতে চাইতেন সাংবাদিকতাকে।’

ড. আনিসুজ্জামান বলেন, ‘গোলাম সারওয়ার আমার সরাসরি ছাত্র ছিলেন। একজন প্রতিবেদক থেকে সে পত্রিকার সম্পাদক হয়েছে। এটা তার ব্যক্তিগত কর্মনিষ্ঠা ও সততার কারণেই সম্ভব হয়েছে। স্বাধীনতার স্বপক্ষে যে কয়েকজন মানুষ কাজ করেছেন, সে তাদের অন্যতম। নিজ হাতে দুটি সংবাদপত্র গড়ে তুলেছেন। এটি তার অনেক বড় অবদান।’

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, গোলাম সারওয়ার ছিলেন বাতিঘর, যা কখনও নিভে যাবে না।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘গোলাম সারওয়ার আমার সমবয়সী ছিলেন। আমরা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার চলে যাওয়ায় ব্যক্তি পর্যায়েরও ক্ষতি হল আমার।’ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘গোলাম সারওয়ার আমার রাজনৈতিক জীবনের ভরসা ছিলেন। অত্যন্ত মেধাবী, মানবদরদী, সমাজসচেতন- এমন সাংবাদিক নেতার মৃত্যু বেদনাদায়ক, হৃদয়বিদারক।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু প্রশ্নে গোলাম সারওয়ার ছিলেন আপসহীন। একটি আদর্শে বিশ্বাসী হয়েও তিনি সবার কাছে ছিলেন গ্রহণযোগ্য। কলমসৈনিক গোলাম সারওয়ার ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। তার লেখায় জাদু ছিল। গোলাম সারওয়ারের শূন্যতা অপূরণীয়।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আজকে আমরা যখন সন্ত্রাস, জঙ্গি ও সাম্প্রদায়িকতামুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চলেছি, তখন তার মতো ব্যক্তিদের ভূমিকার বড় দরকার ছিল। তিনি শুধু সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন গণমাধ্যমের অভিভাবক।’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘তিনি সাংবাদিক জগতের কিংবদন্তি হয়েছিলেন। তিনি শুধু সাংবাদিকই ছিলেন না, সামাজিক ও শিক্ষা খাতেও তিনি যুক্ত ছিলেন।’

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘তিনি মানুষের কথা শুনতেন, বলতেন। মুক্তিযুদ্ধের সপক্ষে সব সময় কলম ধরেছেন। তার মৃত্যুতে সাংবাদিকতা জগতের এক অপূরণীয় ক্ষতি হয়েছে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘যখন শিশু শিক্ষার্থীরা আন্দোলন করতে গিয়ে জেল খাটছে, এমন সময় গোলাম সারওয়ারকে আমাদের দরকার ছিল। তিনি সরকারকে এসব থামাতে পারতেন। কারণ তার সেই ভোকাল ছিল, যা অনেকের নেই।’

সমকালের প্রকাশক ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ বলেন, ‘দীর্ঘ ৫০ বছরের সাংবাদিক জীবন গোলাম সারওয়ারের। তিনি একজন আদর্শবান সাংবাদিক। অন্যায়-অবিচারের বিপক্ষে তিনি শুধু সমকালই নন, যেখানে কাজ করেছেন সেখানেই কলম ধরেছেন। তার হাত ধরে প্রচুর সাংবাদিক তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের সপক্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি নিবেদিত ছিলেন।’

সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, ‘ব্যক্তি গোলাম সারওয়ারকে আমরা আজ শেষ বিদায় জানাচ্ছি। তবে আমরা বিশ্বাস করি, সৃষ্টিশীল মানুষের কোনো মৃত্যু নেই। সংবাদপত্র জগতকে তিনি যে উচ্চতায় নিয়ে গেছেন, আমরা সেটাকে ভিত্তিমূল ধরে সামনের দিকে এগিয়ে যাব।’

প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছিল গোলাম সারওয়ারের ‘সম্পাদকের জবানবন্দী’। সে সময়কার স্মৃতিচারণ করে এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, বইটি প্রকাশের সময় দেখেছি কাজের প্রতি তার ভালোবাসা ও নিষ্ঠা। তিনি সাংবাদিকতার শিক্ষক; তার হাতে বহু সাংবাদিক তৈরি হয়েছে যারা আজ দেশের প্রধান প্রধান গণমাধ্যমে নেতৃত্ব দিচ্ছেন।

জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রীয় শ্রদ্ধা : কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন পর্বটি চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। পরে গোলাম সারওয়ারের মরদেহ নেয়া হয় তার প্রিয় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। সেখানে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল মরহুমের কফিন জাতীয় পতাকায় ঢেকে দিয়ে রাষ্ট্রীয় সালাম জানায়। গার্ড অব অনার প্রদানের সময় বাজছিল করুণ সুর।

রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল মো. সারোয়ার হোসেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেস সচিব ইহসানুল করীম ও উপ-তথ্য সচিব আশরাফুল আলম খোকন মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

বেলা পৌনে ১টায় মরহুমের কফিন জাতীয় প্রেস ক্লাবে পৌঁছলে সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মরহুমের কফিন কালো কাপড়ে নির্মিত মঞ্চে রাখা হয়। সেখানে প্রবীণ-নবীন সাংবাদিকরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের আগে ক্লাব প্রাঙ্গণে গোলাম সারওয়ারের চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়।

ক্লাব প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সিনিয়র সহসভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডেইলি স্টারের সম্পাদক ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ডিআরইউর সভাপতি সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক আহমেদ দীপু ও এহসানুল হক বাবু, দৈনিক যুগান্তরের প্রধান বার্তা সম্পাদক আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন- সমকালের প্রকাশক একে আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, কোষাধ্যক্ষ দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএনপির পক্ষে মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন- অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী। এ সময় উপস্থিত ছিলেন গোলাম সারওয়ারের বড় ছেলে গোলাম শাহরিয়ার রঞ্জু।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘পেশাগত ও ব্যক্তিগত দিক থেকে গোলাম সারওয়ার একজন অনন্য মানুষ ছিলেন। আমরা তাকে বড় ভাই, অভিভাবক হিসেবে পেয়েছি।’

প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, ‘গোলাম সারওয়ার ভাই আমাদের মাঝ থেকে শারীরিকভাবে চলে গেছেন। আমরা তার জন্য দোয়া কামনা করছি।’ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেন, ‘গোলাম সারওয়ার জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি কেবল স্থায়ী সদস্যই ছিলেন না, তিনি ছিলেন প্রেস ক্লাবের প্রতিদিনের সদস্য। প্রেস ক্লাবের উন্নয়ন কর্মকাণ্ডসহ সবকিছুর সঙ্গে তিনি জড়িয়ে আছেন। আমরা তাকে অভিভাবক, নেতা ও বন্ধু হিসেবে পেয়েছিলাম।’ ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘সারওয়ার ভাইকে আমরা বিপদে-আপদে পাশে পেয়েছি। তিনি সবসময় পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন।’

গোলাম সারওয়ারের অমায়িক ব্যবহার সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সপক্ষের একজন হিসেবে আমরা তাকে চিরকাল স্মরণে রাখব।’

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘গোলাম সারওয়ারের চলে যাওয়া মানেই বিরাট শূন্যতা। পেশাগত দিক থেকে তার ভূমিকা ছিল অনন্য। সম্পাদক পরিষদ গঠনের সময় আমরা নানাভাবে তার সহযোগিতা পেয়েছিলাম।’

বিএফইউজের সভাপতি মোল্লা জালাল বলেন, ‘তিনি এমন একজন সম্পাদক ছিলেন, যিনি সাংবাদিকদের দাবি কখনও ফিরিয়ে দিতেন না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সারওয়ার ভাই একজন মুক্তিযোদ্ধা ছিলেন। একই সঙ্গে তিনি ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক। অনেক গুণাবলী তাকে শ্রেষ্ঠ মানুষের কাছে নিয়ে গেছে।’

বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গোলাম সারওয়ারের দাফন সম্পন্ন হয়। এ সময় সমকাল প্রকাশক একে আজাদ, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এসএম শাহাব উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক আসলাম, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী, প্রধান প্রতিবেদক লোটন একরাম প্রমুখ উপস্থিত ছিলেন। গোলাম সারওয়ারের স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন তার ভাই গোলাম সালেহ মঞ্জু মোল্লা, জামাতা মিয়া নাইম হাবিব, ছেলে গোলাম শাহরিয়ার রঞ্জন ও গোলাম সাব্বির অঞ্জন।

দোয়া মাহফিল : সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের আত্মার মাগফিরাত কামনায় আজ বাদ আসর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের আজমপুর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া শনিবার বাদ আসর সমকালের উদ্যোগে পত্রিকাটির নতুন কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

২৯ জুলাই অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন ৭৫ বছর বয়সী সম্পাদক গোলাম সারওয়ার। অবস্থার অবনতি ঘটলে ৩ আগস্ট তাকে সিঙ্গাপুর নেয়া হয়। ১৩ আগস্ট সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গোলাম সারওয়ার। মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে বাংলাদেশ সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারওয়ারের মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়।

Advertisement

শ্রদ্ধা

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন চার কারণে চ্যালেঞ্জের মুখে পোশাক রপ্তানি

চার কারণে চ্যালেঞ্জের মুখে পোশাক রপ্তানি

পিরোজপুরে ভালো ফলন জিআই পণ্য আমড়ায় ২৫০ কোটি টাকার অর্থনীতি

জিআই পণ্য আমড়ায় ২৫০ কোটি টাকার অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন সংশোধনের খসড়া চূড়ান্ত পর্ষদে থাকতে পারবেন না এমপি-মন্ত্রীরা

পর্ষদে থাকতে পারবেন না এমপি-মন্ত্রীরা

রাজশাহী বিভাগে দৃষ্টান্ত লটারিতে বদলি ৯ খাদ্য কর্মকর্তা

লটারিতে বদলি ৯ খাদ্য কর্মকর্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম