পিরোজপুরে ভালো ফলন
জিআই পণ্য আমড়ায় ২৫০ কোটি টাকার অর্থনীতি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আমড়া উৎপাদনে খ্যাতি রয়েছে দক্ষিণের জেলা পিরোজপুরের। বছরে প্রায় ২৫০ কোটি টাকার আমড়া দেশের বিভিন্ন প্রান্তে বেচাবিক্রি হচ্ছে। খ্যাতি ও সুনাম থাকায় বরিশালের আমড়া ২০১৫ সালের এপ্রিলে জিআই পণ্যের স্বীকৃতি পায়। নতুন এ সম্ভাবনাকে ঘিরে বিভিন্ন উপজেলায় আমড়াচাষে স্বপ্ন দেখছেন চাষিরা। অন্যান্য কৃষিপণ্যের পাশাপাশি আমড়া উৎপাদনে সফল হচ্ছেন স্থানীয় কৃষকরা। ফলে সমৃদ্ধ হচ্ছে স্থানীয় কৃষি অর্থনীতি।
দক্ষিণের জেলা পিরোজপুরের আমড়া উৎপাদনে সুনাম রয়েছে কয়েক যুগ ধরে। নেছারাবাদ উপজেলার আটঘাট কুড়িয়ানায় সবচেয়ে বেশি পেয়ারা উৎপাদন হচ্ছে। তবে পেয়ারার মৌসুম শেষ হতে না হতেই বর্তমানে কৃষক, ব্যাপারী ও পাইকারি ব্যবসায়ীরা জিআই পণ্য আমড়া নিয়েই ব্যস্ত সময় পার করছেন।
নেছারাবাদ উপজেলা পেয়ারা উৎপাদনের পাশাপাশি এখন আমড়া উৎপাদনেও শীর্ষ অবস্থানে রয়েছে। তাছাড়া ভাণ্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া ও নেছারাবাদজুড়ে আমড়া উৎপাদন বাড়ছে।
বরিশালের আমড়া আকারে বড় ও মিষ্টি হওয়ায় দেশ ও দেশের বাইরে এর সুনাম ছড়িয়ে যাচ্ছে। ফলে চাষিরা আমড়া চাষে উৎসাহিত হচ্ছেন।
পেয়ারার মৌসুম শেষ হতে না হতেই পিরোজপুরের নেছারাবাদে আমড়ার পাইকারি বেচাকেনার মৌসুম শুরু হয়েছে। নদী ও খালঘেরা এই জনপদ দেশের সবচেয়ে বড় পেয়ারা উৎপাদন অঞ্চল হিসাবে পরিচিত হলেও এখন বিকল্প কৃষিপণ্য হিসাবে দ্রুত জায়গা করে নিয়েছে জিআই স্বীকৃত আমড়া। শরৎ পেরিয়ে হেমন্তের আলো-বাতাসে আমড়ার সবুজ খোসা যখন তামাটে রং ধারণ করে, তখনই শুরু হয় আমড়া তোলা, বাছাই, বোঝাই ও পাইকারি বাজারে শ্রমিকদের ব্যস্ততা। ভোর থেকে দুপুর পর্যন্ত খালে নৌকাভর্তি আমড়া নিয়ে ভিড় জমে পাইকারি হাটে। দরদাম, পরিবহণ আর লেনদেনের ব্যস্ততায় এখন উৎসবে পরিণত হয়েছে নেছারাবাদ উপজেলার আটঘর কড়িয়ানার পাইকারি মোকামগুলোয়। বর্তমানে ২ হাজার থেকে ৩ হাজার টাকা মন বিক্রি হচ্ছে আমড়া। পাইকারি ব্যবসায়ী বিভিন্ন চাষি ও খুচরা ব্যক্তিদের কাছ থেকে কিনে সড়কপথে দেশের চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহসহ বিভিন্ন প্রান্তে পৌঁছে দেন। মানভেদে দামও ওঠানামা করে। পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, এ বছর প্রাকৃতিক কারণে আমড়ার ফলন খুব ভালো হয়নি। মৌসুমে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকার আমড়া বেচাবিক্রি হয়। আগামী দিনে এর উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। নেছারাবাদ উপজেলার পাইকারি ব্যবসায়ী সুজন হাওলাদার বলেন, আমড়া জিআই পণ্য হওয়ায় সারা দেশে চাহিদা বাড়ছে। এ বছর দাম মোটামুটি ভালো। প্রতিদিন আমার মোকাম দিয়ে ২০-৩০ বস্তা আমড়া দেশের বিভিন্ন এলাকায় পাঠাই। আরেক ব্যবসায়ী কায়সার আহমেদ বলেন, নেছারাবাদের আমড়া সুস্বাদু। এই আমড়া ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুরসহ বিভিন্ন অঞ্চলে যায়। খুব সকালে চাষিরা আমড়া পেড়ে মোকামে নিয়ে আসেন। আমরা বস্তা ভরে সারা দেশে পাঠাই। বিক্রেতা নির্মল হাওলাদার বলেন, আমার ৫০টি আমড়াগাছ আছে। প্রতিবছরই বিক্রি করি। এ বছরও আমড়া বিক্রি করছি। দাম মোটামুটি ভালো। কৃষি অফিস যদি আরও ভালো প্রশিক্ষণ দিত, তাইলে ভালো হতো। বিভিন্ন গ্রাম ঘুরে আমড়া কিনে বিক্রি করেন শিবু চন্দ্র। তিনি বলেন, আমি বিভিন্ন গ্রাম ঘুরে আমড়া কিনি। সময়ভেদে ভিন্ন ভিন্ন দাম থাকে। বাজারদর অনুযায়ী কিনে তা বিক্রি করি। নৌকায় করে মোকামে নিয়ে আসি। পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, পিরোজপুরে ৫৭৭ হেক্টর জমিতে ১০ হাজার ১২৪ টন আমড়া উৎপাদিত হয়েছে, যা বরিশাল বিভাগের ভেতরে সর্বোচ্চ উৎপাদন। আমড়া উৎপাদনে কৃষককে সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
