ব্যাংক কোম্পানি আইন সংশোধনের খসড়া চূড়ান্ত
পর্ষদে থাকতে পারবেন না এমপি-মন্ত্রীরা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে মন্ত্রী, সংসদ-সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। পরিবারিক আধিপত্য কমাতে এক ব্যাংকের পর্ষদে সর্বোচ্চ দুজন (এক পরিবারের) সদস্যকে রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ থেকে কমিয়ে ছয় বছর এবং স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ব্যাংকের মালিকানা ও পরিচালনায় রাজনৈতিক ও পারিবারিক প্রভাব কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এসব পরিবর্তন আনা হচ্ছে।
এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে তৈরি খসড়াটি চলতি সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর কথা রয়েছে। পরে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
খসড়া অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ-সদস্য এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একই সঙ্গে তারা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবেও নিয়োগের অযোগ্য হবেন। ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব ও স্বার্থের সংঘাত এড়াতেই এ উদ্যোগ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের দূরে থাকাই ভালো।’
এক পরিবার থেকে পরিচালক দুইজন : ব্যাংকের পরিচালনা পর্ষদে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে এক পরিবার থেকে পরিচালকের সংখ্যা তিনজনের পরিবর্তে দুজনে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। একই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগও দুজনের পরিবর্তে একজন করা হচ্ছে। অতীতে বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংকের মালিকানা ও পরিচালনায় পারিবারিক আধিপত্য প্রতিষ্ঠা, ঋণ অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এস আলম, বেক্সিমকো, প্রিমিয়ার, সিকদার গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ছিল। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের পর্ষদে রেখে ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে। নতুন প্রস্তাবের অন্যতম লক্ষ্য এ ধরনের নিয়ন্ত্রণ সীমিত করা।
পদ ছাড়লেও ঋণ পরিশোধ বাধ্যতামূলক : ব্যাংকের পরিচালকের পদ ছাড়লেও সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে হবে। নতুন প্রস্তাবে ঋণ পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে নিয়মিত দেখানোর সুযোগ না রাখার কথা বলা হয়েছে। এছাড়া কোনো পরিচালক টানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। বছরে সর্বোচ্চ একবার এর বেশি অনুপস্থিত থাকার অনুমতি দেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের ক্ষমতাও বাড়ানো হচ্ছে। আমানতকারীদের স্বার্থের পরিপন্থি কাজ করলে কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যাংকের পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করতে পারবে। প্রয়োজনে পর্ষদের মেয়াদ কমানো বা বাড়ানোর ক্ষমতাও পাবে। তবে নতুন পর্ষদের মেয়াদ সর্বোচ্চ তিন বছর হবে।
