যেসব দেশের সঙ্গে বন্ধুত্ব করতে চান কিম জং উন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ছবি: রয়টার্স
|
ফলো করুন |
|
|---|---|
উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক জোরদার করতে পিয়ংইয়ং প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
সোমবার (২৩ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, গতকাল রোববার ১০টি দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন কিম।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের বৈঠক না হওয়ার পর তার এই বক্তব্য সামনে এলো।
ওই দেশগুলোর মধ্যে ব্রাজিল, ভারত, রাশিয়া, সুইডেন ও ভিয়েতনামও রয়েছে বলে কেসিএনএ জানিয়েছে।
অনুষ্ঠানে কিম বলেন, ‘আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ সব দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও পারস্পরিক সুবিধার নীতির ভিত্তিতে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক জোরদার করতে প্রস্তুত উত্তর কোরিয়া।’
তিনি আরও বলেন, ‘যতক্ষণ এমন শক্তি থাকবে, যারা আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নিজেদের একতরফা স্বার্থকে স্থান দেবে, অন্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ গুরুতরভাবে লঙ্ঘন করবে এবং নিজেদের সংকীর্ণ মূল্যবোধ অন্য দেশের ওপর চাপিয়ে দেবে, ততক্ষণ পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না।’
পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে ওয়াশিংটনকে উত্তর কোরিয়ার প্রতি শত্রুতাপূর্ণ অবস্থান পরিত্যাগ করার আহ্বান জানিয়ে আসছে।
গত সপ্তাহে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ফোরামের সম্মেলনে যোগ দিতে চীন সফরের সময় ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন। ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। দেশ তিনটির মধ্যে এটিই ছিল প্রথম ত্রিপক্ষীয় সম্মেলন।
তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার জানিয়েছে, উত্তর কোরিয়া এমন কিছু শর্ত দিয়েছিল, যা ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হয়নি। ফলে ট্রাম্প-কিম বৈঠকটি অনুষ্ঠিত হয়নি।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃত করে প্রকাশিত ওই প্রতিবেদনে শর্তগুলো কী ছিল, তা উল্লেখ করা হয়নি। তবে শেষ মুহূর্তে দুই পক্ষই বৈঠকের সম্ভাবনা নিয়ে তড়িঘড়ি করে আলোচনা চালিয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়।
নভেম্বরের শুরুতে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্প ক্রমেই পররাষ্ট্রনীতিতে মনোযোগ বাড়িয়েছেন। বিশ্বমঞ্চে নিজের রাজনৈতিক উত্তরাধিকার নির্ধারণকারী সাফল্য অর্জনের লক্ষ্যে তিনি কিমের সঙ্গে বৈঠক আয়োজনের জন্য সহযোগীদের চাপ দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
চতুর্থবারের মতো ট্রাম্প-কিম বৈঠকের পথ তৈরি করতে মার্কিন কর্মকর্তারা কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলেন। এর মধ্যে ছিল ১৯৫০-১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা। ওই যুদ্ধ শান্তিচুক্তির পরিবর্তে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছিল। পাশাপাশি উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়েও দেশটির পারমাণবিক কর্মসূচি বিলুপ্ত করার দাবি না জানিয়ে একটি বিবৃতি দেওয়ার বিষয়টিও আলোচনায় ছিল বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।
এর বিপরীতে ওয়াশিংটন উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা সীমিত করার বিষয়ে আলোচনা করতে পারত। পাশাপাশি দুই দেশের মধ্যে যোগাযোগের জন্য লিয়াজোঁ অফিস খোলার উদ্যোগও নেওয়া হতে পারত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকায় কূটনীতিকদের নিয়মিত যোগাযোগ বজায় রাখতে নানা সমস্যার মুখে পড়তে হয়।
এর আগে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের আলোচনায় মূল গুরুত্ব দেওয়া হয়েছিল পারমাণবিক নিরস্ত্রীকরণের ওপর। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কূটনীতিকরা বারবার উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি তাদের ‘দৃঢ় অঙ্গীকারের’ কথা পুনর্ব্যক্ত করেছেন।
তবে উত্তর কোরিয়া এসব আহ্বান প্রত্যাখ্যান করে বলেছে, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে তাদের অবস্থান ‘স্থায়ীভাবে নির্ধারিত’ এবং ‘কখনোই পরিবর্তন করা যাবে না’। সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল
