Logo
Logo
×

Advertisement

আওয়ামী লীগ

দেশে থাকা আ.লীগ নেতাকর্মীদের বিপদ...

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

দেশে থাকা আ.লীগ নেতাকর্মীদের বিপদ...

Advertisement

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন ঘটে। ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা সেদিন দেশ ছেড়ে ভারতে চলে যান। দীর্ঘ দিন পর শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন—ডিসেম্বরে দেশে ফিরবেন। এরমধ্যেই গত ৯ নভেম্বর বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদনও করেছেন। তার এমন সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মৃত্যুদণ্ডের রায় এবং নিরাপত্তাঝুঁকি মাথায় নিয়ে তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

ডিসেম্বরের মধ্যে হাসিনা ফিরতে না পারলে জনগণের কাছে দলটির ভাবমূর্তি কী হবে এ নিয়েও প্রশ্ন আছে। গণ-অভ্যুত্থানের কারণ বিশ্লেষণ ও পরিস্থিতি মূল্যায়ন না করে নাশকতা সৃষ্টির কৌশল দলটির জন্য রাজনৈতিক ফাঁদে পরিণত হতে পারে বলেও অনেকে মনে করেন। তাদের মতে, দলটি ইতিহাস থেকে ন্যূনতম কোনো শিক্ষা নেয়নি। 

১৯৭৫ সালের বিয়োগান্তক ঘটনার পর দীর্ঘ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ। এরপর জনগণের কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের চালচলনে পরিশুদ্ধতা দেখিয়ে ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছিলেন শেখ হাসিনা। কিন্তু হাজার হাজার মানুষকে হত্যা ও গুমের পরেও দলটিকে এখন পর্যন্ত ভুল বা অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়নি। বরং শুধু ‘ষড়যন্ত্র’ তত্ত্বের বয়ান তৈরি এবং নাশকতার মধ্য দিয়ে দলটি ফিরতে চাইছে। তবে বিশ্লেষকরা বলছেন, দলটির নাশকতার এই কৌশল কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, আওয়ামী লীগের রাজনৈতিক সংকট শুধু সাংগঠনিক দুর্বলতার মধ্যে সীমাবদ্ধ নেই। 

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড, দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার প্রক্রিয়াও চলমান। মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির প্রধান হাসিনার ফাঁসির দণ্ড হয়েছে। শীর্ষ নেতাদের অনেকেই মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। এমন পরিস্থিতিতে দলটি যত নাশকতামূলক কর্মকাণ্ড চালাবে, দেশে থাকা নেতাকর্মীদের বিপদ ততই বাড়বে।

কী কারণে একটি নতুন সরকার বা দেশকে অস্থির করা হচ্ছে জনমনে তা স্পষ্ট নয়। অনেকের মতে, হাসিনা আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে পরিস্থিতি তৈরি হওয়ার অনেক আগেই। কারও কারও মতে, প্রভাবশালী একটি দেশের ইঙ্গিতে এগুলো করা হচ্ছে। কিন্তু কী কারণে বা এর রাজনৈতিক লক্ষ্য কী সে বিষয়ে জনগণের সামনে কোনো বক্তব্য নেই। ফলে শুধু ‘নেত্রী ফিরবেন’ এজন্য বোমা ও ককটেল হামলা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলে বিশ্লেষকরা মনে করেন না। বরং এতে জনগণ খুশির বদলে বিরক্ত হবে। জনগণ তার কর্তৃত্ববাদী একগুঁয়েমি শাসনের কারণে বিরক্ত ছিল। কিন্তু মাত্র দশ মাসের সরকারের ওপরে জনগণ এখনো বিরক্ত হয়নি। ফলে আওয়ামী লীগের লক্ষ্যহীন এই রাজনীতি দলটিকে কোথায় নিয়ে যাবে তা স্পষ্ট নয়। 

গণ-অভ্যুত্থানের আগে ও পরে শেখ হাসিনা পরিবারের প্রায় সব সদস্য এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশির ভাগ নেতা বিদেশে অবস্থান করে অত্যন্ত বিলাসী জীবনযাপন করছেন বলে জনমনে আলোচনা আছে। অন্যদিকে মধ্যম ও মাঠপর্যায়ের নেতাকর্মীরা গত দুই বছর মোটামুটি স্বস্তিতে থেকে ব্যবসা-বাণিজ্য বা চাকরি করে জীবনযাপন করলেও হাসিনার এই নাশকতার কৌশলের কারণে এখন তারা বিপদে পড়ছেন। কারণ নতুন করে তাদের মধ্যে গ্রেফতার আতঙ্ক তৈরি হয়েছে। ফলে নতুন করে তাদের বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য শেখ পরিবার ও দলের শীর্ষ নেতাদের ব্যাপারে তৃণমূলে ক্ষোভ বাড়ছে বলে আলোচনা আছে।

সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ এখন যা করছে তা রাজনীতি নয়, অপরাজনীতি। তারা যদি মনে করে, ধ্বংসাত্মক এসব কার্যক্রম করে জোর করে ক্ষমতায় আসতে পারবে, তাহলে সেটা হবে একটা স্বপ্ন। এভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি বলেন, জুলাই গণহত্যার ঘটনায় আওয়ামী লীগ এখনো দায় স্বীকার করেনি। দায় স্বীকার না করায় রিকনসিলিয়েশনের সুযোগ নেই। তারা যদি দায় স্বীকার করত তাহলে ক্ষমার প্রশ্ন আসত। কিন্তু তা করেনি।

গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো দলই ভুল স্বীকার করে না। রাজনীতিকদের মতে, কোনো দল ভুল স্বীকার করলে মানুষ মনে করবে ওই দল হেরে গেছে বা পরাজয় বরণ করেছে। তাই তারা ‘সরি’ বলে না। আর জুলাই গণ-অভ্যুত্থানকে আওয়ামী লীগ স্বীকারই করে না। তাই তারা সরিও বলেনি।

দলটির পুরোনো রাজনৈতিক কৌশলের সঙ্গে বর্তমান তৎপরতার মিল খুঁজে পান রাজনীতিকরা। অতীতে বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় শক্তি প্রয়োগ, বিরোধী মতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিবেচনা এবং দলীয় সিদ্ধান্তে কেন্দ্রীয় নেতৃত্বের একচ্ছত্র নিয়ন্ত্রণের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তার পরিবর্তনের কোনো সুস্পষ্ট বার্তা এখনো দলটির পক্ষ থেকে দৃশ্যমান নয়। বরং আত্মসমালোচনা, নেতৃত্বের দায় নির্ধারণ ও সাংগঠনিক সংস্কারের চেয়ে দ্রুত রাজনৈতিক প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা বেশি গুরুত্ব পাচ্ছে বলে পর্যবেক্ষকদের একটি অংশ মনে করেন।

সরকারি দল বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতে, এসব কর্মসূচি কিংবা সহিংসতার মাধ্যমে মূলত ভয়ের পরিবেশ তৈরি করতে চায় আওয়ামী লীগ। এসব কর্মকাণ্ড করে লাভ হবে না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা এখনো এ দেশের মানুষকে চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে আর রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না। তিনি আরও বলেন, বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অনেকেই ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা দেশের মানুষও দেখছে।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মনে করেন, কোনো অপকর্মের জন্য ক্ষমা না চেয়ে, ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে আওয়ামী লীগের আগাম মাঠে নেমে পড়া হটকারিতা ছাড়া কিছুই নয়। এই ধরনের হটকারিতা স্বাধীনতার পরে জাসদ করে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছিল। তিনি যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের ককটেল হামলা ও নাশকতার কারণ কি সেটি তারা বলেনি। কী কারণে তাদের পতন হলো, সেটি পর্যালোচনা ব্যতিরেকে হঠাৎ করে ঝটিকা মিছিল ও ককটেল হামলা করলেই ‘আপা ফিরবেন’-সেটা সম্ভব না। আওয়ামী লীগ আবার ভুল রাজনীতির ফাঁদে পড়েছে।

আওয়ামী লীগ কখনোই শুদ্ধপথে ছিল না বলে মন্তব্য করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার জন্য বাসে আগুন দিচ্ছে, বোমা মারছে, ককটেল ফোটাচ্ছে, মানুষের বাড়িঘরে আগুন দিচ্ছে। কিন্তু রাজনীতিতে ফেরার রাস্তা হলো তাদের কৃতকর্মের জন্য জাতির কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া। তারপর জনগণ ক্ষমা করলে তখন রাজনীতিতে ফেরার প্রশ্ন আসত। কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমা চায়ও তথাপি নিজের দেশের জনগণের ওপর গণহত্যাকারীদের জাতি ক্ষমা করবে বলে আমি মনে করি না। সুতরাং অদূর ভবিষ্যতেও এই দলটির রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই। তবে এখন তারা যেভাবে রাজনীতিতে আসতে চায় সেটা রুখে দিতে জনগণ ঐক্যবদ্ধ আছে। আমরা জনগণের সঙ্গে আছি।

আওয়ামী লীগ নিজের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতিতে ফেরার সুযোগ বন্ধ করছে বলে মনে করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, বিপর্যয় কাটিয়ে দলটিকে আবার রাজনীতিতে ফিরতে হলে প্রথমত তাদের নিজস্ব কঠিন আত্মপর্যালোচনা দরকার, পাশাপাশি কর্মনীতির সংশোধন ও নতুন কর্মকৌশল গ্রহণ করা একান্ত অপরিহার্য। কিন্তু সে ধরনের কোনো লক্ষণ আওয়ামী লীগের আছে বলে মনে হচ্ছে না। তিনি আরও বলেন, এবি পার্টির পক্ষ থেকে আমরা আওয়ামী লীগকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও আইনগতভাবে মোকাবিলা করার পক্ষে। আমরা মনে করি আওয়ামী ফ?্যাসিবাদের হাতে নির্যাতিত নিপীড়িত সব পক্ষ যদি এই একটি বিষয়ে ঐক্যবদ্ধ থাকে এবং যথাযথ ভূমিকা রাখে তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা সুদূরপরাহত হয়ে পড়বে।

আওয়ামী লীগ বারবার ভুল রাজনীতি করে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি বলেন, নাশকতার রাজনীতি শুধু আওয়ামী লীগই করতে পারে। ২০০৪ সালে রাজধানীর শাহবাগে বাসে গান পাউডার দিয়ে মানুষ মেরেছিল। তাদের সেই স্বভাব পরিবর্তন হয়নি। এখনো তারা একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে এত সংখ্যক মানুষকে মেরেছে, অসংখ্য মানুষকে পঙ্গু করেছে, অথচ তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনাবোধ নেই। মনিরা শারমিন বলেন, এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই।

বিশ্বে যেসব দেশে স্বৈরাচার পতনের পর পালিয়ে যায়, তাদের রাজনীতি করার নৈতিক অধিকার থাকে না। একইভাবে আওয়ামী লীগেরও তা নেই। এ কারণে তারা ভুল রাজনীতির পথে হাঁটছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই

রুহুল কবির রিজভী পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লাহ খান

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লাহ খান

যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত

যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত

দেশে ফিরে হাসিনা আপিলের আইনি সুযোগ পাবেন কিনা প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী

দেশে ফিরে হাসিনা আপিলের আইনি সুযোগ পাবেন কিনা প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

আরও পড়ুন

দেশে থাকা আ.লীগ নেতাকর্মীদের বিপদ...

দেশে থাকা আ.লীগ নেতাকর্মীদের বিপদ...

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা ফের ভুলের ফাঁদে আ.লীগ

ফের ভুলের ফাঁদে আ.লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম