জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা
ফের ভুলের ফাঁদে আ.লীগ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শুধু ককটেল হামলা, যানবাহনে আগুন কিংবা ঝটিকা মিছিল করেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফিরতে পারবে কিনা-এমন প্রশ্ন সুধী সমাজের পাশাপাশি সচেতন জনগোষ্ঠীর মধ্যেও উঠছে। বলা হচ্ছে, নাশকতা সৃষ্টির কৌশল গ্রহণ করে আওয়ামী লীগ আবারও ভুল রাজনীতির ফাঁদে পড়েছে। কারণ দুনিয়া কাঁপানো একটি গণ-অভ্যুত্থানে পতন এবং এর আগে হাজার মানুষকে হত্যা ও গুমের ঘটনায় দলটি এখন পর্যন্ত কোনো ভুল বা অনুশোচনা প্রকাশ করেনি। প্রমাণিত হওয়ার পরেও দলটির কেউ আজ পর্যন্ত জবাব দেয়নি যে, কেন তারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল। উলটো গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া এই দলটি নাশকতা সৃষ্টি করে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সামনে রেখে কখনো কিছুটা প্রকাশ্যে আবার কিছুটা গোপনে নানা ধরনের কর্মসূচি পালন করছে। প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতার সুযোগ না থাকায় দলটির একাংশের গোপন সাংগঠনিক যোগাযোগ, অনলাইন প্রচার, ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এমনকি যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা দলটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে।
তবে রাজনৈতিক বিশ্লেষক এবং আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মতে, দলটির নেতাকর্মীদের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে একদিকে আতঙ্ক তৈরি করছে, অপরদিকে প্রকাশ্য রাজনীতিতে ফেরার পথ আরও সংকুচিত হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, এসব ঘটনা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে কিনা। কারণ বিএনপির নেতৃত্বাত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে মাত্র দশ মাস। এর মধ্যে সরকারের বড় ধরনের কোনো ভুল চোখে পড়েনি। যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করা হয়, সেই গুম-খুন ও গণহত্যার সঙ্গে বর্তমান সরকার জড়িত বলে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আর হাসিনা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতো হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগও শোনা যায়নি। পরপর তিনটি পাতানো নির্বাচন করার অভিযোগও এই সরকারের বিরুদ্ধে নেই। তাছাড়া জুলাই হত্যার নৃশংসতা মানুষের মন থেকে এখনো মুছে যায়নি। ফলে কী কারণে একটি নতুন সরকার বা দেশকে অস্থির করা হচ্ছে জনমনে তা স্পষ্ট নয়। অনেকের মতে, হাসিনা আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে পরিস্থিতি তৈরি হওয়ার অনেক আগেই। কারও কারও মতে, প্রভাবশালী একটি দেশের ইঙ্গিতে এগুলো করা হচ্ছে। কিন্তু কী কারণে বা এর রাজনৈতিক লক্ষ্য কী সে বিষয়ে জনগণের সামনে কোনো বক্তব্য নেই। ফলে শুধু ‘নেত্রী ফিরবেন’ এজন্য বোমা ও ককটেল হামলা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলে বিশ্লেষকরা মনে করেন না। বরং এতে জনগণ খুশির বদলে বিরক্ত হবে। জনগণ তার কর্তৃত্ববাদী একগুঁয়েমি শাসনের কারণে বিরক্ত ছিল। কিন্তু মাত্র দশ মাসের সরকারের ওপরে জনগণ এখনো বিরক্ত হয়নি। ফলে আওয়ামী লীগের লক্ষ্যহীন এই রাজনীতি দলটিকে কোথায় নিয়ে যাবে তা স্পষ্ট নয়। তাছাড়া ডিসেম্বরের মধ্যে হাসিনা ফিরতে না পারলে জনগণের কাছে দলটির ভাবমূর্তি কী হবে এ নিয়েও প্রশ্ন আছে। গণ-অভ্যুত্থানের কারণ বিশ্লেষণ ও পরিস্থিতি মূল্যায়ন না করে নাশকতা সৃষ্টির কৌশল দলটির জন্য রাজনৈতিক ফাঁদে পরিণত হতে পারে বলেও অনেকে মনে করেন। তাদের মতে, দলটি ইতিহাস থেকে ন্যূনতম কোনো শিক্ষা নেয়নি। ১৯৭৫ সালের বিয়োগান্তক ঘটনার পর দীর্ঘ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ। এরপর জনগণের কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের চালচলনে পরিশুদ্ধতা দেখিয়ে ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছিলেন শেখ হাসিনা। কিন্তু হাজার হাজার মানুষকে হত্যা ও গুমের পরেও দলটিকে এখন পর্যন্ত ভুল বা অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়নি। বরং শুধু ‘ষড়যন্ত্র’ তত্ত্বের বয়ান তৈরি এবং নাশকতার মধ্য দিয়ে দলটি ফিরতে চাইছে। তবে বিশ্লেষকরা বলছেন, দলটির নাশকতার এই কৌশল কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, আওয়ামী লীগের রাজনৈতিক সংকট শুধু সাংগঠনিক দুর্বলতার মধ্যে সীমাবদ্ধ নেই। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড, দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার প্রক্রিয়াও চলমান। মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির প্রধান হাসিনার ফাঁসির দণ্ড হয়েছে। শীর্ষ নেতাদের অনেকেই মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। এমন পরিস্থিতিতে দলটি যত নাশকতামূলক কর্মকাণ্ড চালাবে, দেশে থাকা নেতাকর্মীদের বিপদ ততই বাড়বে।
গণ-অভ্যুত্থানের আগে ও পরে শেখ হাসিনা পরিবারের প্রায় সব সদস্য এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশির ভাগ নেতা বিদেশে অবস্থান করে অত্যন্ত বিলাসী জীবনযাপন করছেন বলে জনমনে আলোচনা আছে। অন্যদিকে মধ্যম ও মাঠপর্যায়ের নেতাকর্মীরা গত দুই বছর মোটামুটি স্বস্তিতে থেকে ব্যবসা-বাণিজ্য বা চাকরি করে জীবনযাপন করলেও হাসিনার এই নাশকতার কৌশলের কারণে এখন তারা বিপদে পড়ছেন। কারণ নতুন করে তাদের মধ্যে গ্রেফতার আতঙ্ক তৈরি হয়েছে। ফলে নতুন করে তাদের বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য শেখ পরিবার ও দলের শীর্ষ নেতাদের ব্যাপারে তৃণমূলে ক্ষোভ বাড়ছে বলে আলোচনা আছে।
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ এখন যা করছে তা রাজনীতি নয়, অপরাজনীতি। তারা যদি মনে করে, ধ্বংসাত্মক এসব কার্যক্রম করে জোর করে ক্ষমতায় আসতে পারবে, তাহলে সেটা হবে একটা স্বপ্ন। এভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি বলেন, জুলাই গণহত্যার ঘটনায় আওয়ামী লীগ এখনো দায় স্বীকার করেনি। দায় স্বীকার না করায় রিকনসিলিয়েশনের সুযোগ নেই। তারা যদি দায় স্বীকার করত তাহলে ক্ষমার প্রশ্ন আসত। কিন্তু তা করেনি।
গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো দলই ভুল স্বীকার করে না। রাজনীতিকদের মতে, কোনো দল ভুল স্বীকার করলে মানুষ মনে করবে ওই দল হেরে গেছে বা পরাজয় বরণ করেছে। তাই তারা ‘সরি’ বলে না। আর জুলাই গণ-অভ্যুত্থানকে আওয়ামী লীগ স্বীকারই করে না। তাই তারা সরিও বলেনি।
দলটির পুরোনো রাজনৈতিক কৌশলের সঙ্গে বর্তমান তৎপরতার মিল খুঁজে পান রাজনীতিকরা। অতীতে বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় শক্তি প্রয়োগ, বিরোধী মতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিবেচনা এবং দলীয় সিদ্ধান্তে কেন্দ্রীয় নেতৃত্বের একচ্ছত্র নিয়ন্ত্রণের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তার পরিবর্তনের কোনো সুস্পষ্ট বার্তা এখনো দলটির পক্ষ থেকে দৃশ্যমান নয়। বরং আত্মসমালোচনা, নেতৃত্বের দায় নির্ধারণ ও সাংগঠনিক সংস্কারের চেয়ে দ্রুত রাজনৈতিক প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা বেশি গুরুত্ব পাচ্ছে বলে পর্যবেক্ষকদের একটি অংশ মনে করেন।
সরকারি দল বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতে, এসব কর্মসূচি কিংবা সহিংসতার মাধ্যমে মূলত ভয়ের পরিবেশ তৈরি করতে চায় আওয়ামী লীগ। এসব কর্মকাণ্ড করে লাভ হবে না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা এখনো এ দেশের মানুষকে চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে আর রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না। তিনি আরও বলেন, বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অনেকেই ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা দেশের মানুষও দেখছে।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মনে করেন, কোনো অপকর্মের জন্য ক্ষমা না চেয়ে, ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে আওয়ামী লীগের আগাম মাঠে নেমে পড়া হটকারিতা ছাড়া কিছুই নয়। এই ধরনের হটকারিতা স্বাধীনতার পরে জাসদ করে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছিল। তিনি যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের ককটেল হামলা ও নাশকতার কারণ কি সেটি তারা বলেনি। কী কারণে তাদের পতন হলো, সেটি পর্যালোচনা ব্যতিরেকে হঠাৎ করে ঝটিকা মিছিল ও ককটেল হামলা করলেই ‘আপা ফিরবেন’-সেটা সম্ভব না। আওয়ামী লীগ আবার ভুল রাজনীতির ফাঁদে পড়েছে।
আওয়ামী লীগ কখনোই শুদ্ধপথে ছিল না বলে মন্তব্য করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার জন্য বাসে আগুন দিচ্ছে, বোমা মারছে, ককটেল ফোটাচ্ছে, মানুষের বাড়িঘরে আগুন দিচ্ছে। কিন্তু রাজনীতিতে ফেরার রাস্তা হলো তাদের কৃতকর্মের জন্য জাতির কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া। তারপর জনগণ ক্ষমা করলে তখন রাজনীতিতে ফেরার প্রশ্ন আসত। কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমা চায়ও তথাপি নিজের দেশের জনগণের ওপর গণহত্যাকারীদের জাতি ক্ষমা করবে বলে আমি মনে করি না। সুতরাং অদূর ভবিষ্যতেও এই দলটির রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই। তবে এখন তারা যেভাবে রাজনীতিতে আসতে চায় সেটা রুখে দিতে জনগণ ঐক্যবদ্ধ আছে। আমরা জনগণের সঙ্গে আছি।
আওয়ামী লীগ নিজের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতিতে ফেরার সুযোগ বন্ধ করছে বলে মনে করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, বিপর্যয় কাটিয়ে দলটিকে আবার রাজনীতিতে ফিরতে হলে প্রথমত তাদের নিজস্ব কঠিন আত্মপর্যালোচনা দরকার, পাশাপাশি কর্মনীতির সংশোধন ও নতুন কর্মকৌশল গ্রহণ করা একান্ত অপরিহার্য। কিন্তু সে ধরনের কোনো লক্ষণ আওয়ামী লীগের আছে বলে মনে হচ্ছে না। তিনি আরও বলেন, এবি পার্টির পক্ষ থেকে আমরা আওয়ামী লীগকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও আইনগতভাবে মোকাবিলা করার পক্ষে। আমরা মনে করি আওয়ামী ফ?্যাসিবাদের হাতে নির্যাতিত নিপীড়িত সব পক্ষ যদি এই একটি বিষয়ে ঐক্যবদ্ধ থাকে এবং যথাযথ ভূমিকা রাখে তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা সুদূরপরাহত হয়ে পড়বে।
আওয়ামী লীগ বারবার ভুল রাজনীতি করে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি বলেন, নাশকতার রাজনীতি শুধু আওয়ামী লীগই করতে পারে। ২০০৪ সালে রাজধানীর শাহবাগে বাসে গান পাউডার দিয়ে মানুষ মেরেছিল। তাদের সেই স্বভাব পরিবর্তন হয়নি। এখনো তারা একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে এত সংখ্যক মানুষকে মেরেছে, অসংখ্য মানুষকে পঙ্গু করেছে, অথচ তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনাবোধ নেই। মনিরা শারমিন বলেন, এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই।
বিশ্বে যেসব দেশে স্বৈরাচার পতনের পর পালিয়ে যায়, তাদের রাজনীতি করার নৈতিক অধিকার থাকে না। একইভাবে আওয়ামী লীগেরও তা নেই। এ কারণে তারা ভুল রাজনীতির পথে হাঁটছে।
