বিশ্লেষকদের মত
ক্ষতির আশঙ্কা ভারতেরই বেশি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন ক্রমশ বাড়ছে। এই অবস্থা কেবল দুই দেশের কূটনৈতিক সম্পর্কেই সীমাবদ্ধ নেই; প্রভাব পড়ছে বাণিজ্য, অর্থনীতি ও পারস্পরিক যোগাযোগেও। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের উদ্যোগই পারে এমন অবস্থার উন্নতি করতে। তবে বাস্তবতা হচ্ছে-এর কোনো ইঙ্গিত চোখে পড়ছে না। ফলে দীর্ঘমেয়াদি দাবা খেলার মতো চলছে বাংলাদেশ-ভারত সম্পর্ক। এই খেলা চলবে দীর্ঘ সময়। বিশ্লেষকরা মনে করেন, দুই দেশের অনড় অবস্থান উভয় পক্ষের জন্যই ক্ষতি। তবে নানা সমীকরণে ভারতের ক্ষতির আশঙ্কা বেশি। প্রতিবেশী দেশটি বাংলাদেশের সরকারকে উপেক্ষা করে ব্যক্তি হাসিনাকে গুরুত্ব দিচ্ছে। ফলে জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশ সরকার প্রয়োজনে প্রতিবেশীকে টপকে ভিন্ন-বন্ধু খোঁজে নিতে পারে; যা ভারতের জন্য সুখকর সংবাদ বয়ে আনবে না।
দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষক ও লেখক আলতাফ পারভেজ মনে করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান পরিস্থিতি অনেকটা দাবা খেলার মতো। দুই পক্ষই নিজেদের স্বার্থ বিবেচনায় নানা চাল দিচ্ছে। এর পরিণতি এখনই নির্ধারণ করা কঠিন। এটি দীর্ঘ সময় ধরে চলতে পারে।
প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হলে কোনো পক্ষই পুরোপুরি লাভবান হয় না উল্লেখ করে তিনি বলেন, দুই দেশই নিজেদের লাভ-ক্ষতির হিসাব করেই নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করে। ভারত যেমন তাদের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নিচ্ছে, বাংলাদেশের নীতিনির্ধারকদেরও জাতীয় স্বার্থের বিষয়টি বিবেচনায় নিতে হবে। এক্ষেত্রে সবসময় রাষ্ট্রীয় সিদ্ধান্তে জাতীয় স্বার্থই প্রাধান্য পায়, এমনটি নিশ্চিত করে বলা যায় না। অনেক সময় দলীয় স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ কিংবা রাজনৈতিক সম্পর্কও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে। ভারতের সিদ্ধান্তের পেছনে তাদের জাতীয় স্বার্থ যেমন থাকতে পারে, তেমনি রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ও ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও একই প্রশ্ন রয়েছে।
আলতাফ পারভেজ বলেন, ঘটনাটি একটু পাজলিং (জটিল বা ধাঁধা)। আমার মনে হয়, এখানে একটি দাবা খেলা হচ্ছে। দাবা খেলায় দুই পক্ষ নানা ধরনের চাল দেয়, এখানেও তেমনটি হচ্ছে। এটি আরও অনেক দিন চলবে। জয়-পরাজয় অবশ্যই আছে। অনেক দিন পর বোঝা যাবে কে কী লাভ করল বা কে কী হারাল।
সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েনে উভয় দেশই কমবেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, মানুষের যাতায়াত এবং স্বাভাবিক যোগাযোগের ক্ষেত্রে এর প্রভাব পড়ছে। তিনি যুগান্তরকে বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কোনো পক্ষের জন্যই ভালো নয়। এতে স্বাভাবিক সম্পর্ক ও সহযোগিতার সুযোগ বাধাগ্রস্ত হয়। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক থাকলে যেসব সুবিধা পাওয়া সম্ভব, বর্তমান পরিস্থিতিতে তা পাওয়া যাচ্ছে না। এর ফলে আর্থিক ও অন্যান্য ক্ষেত্রেও উভয় পক্ষের ওপর চাপ তৈরি হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতে গিয়ে চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে অর্থ ব্যয় করেন। সম্পর্কের অবনতির কারণে এ ধরনের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রভাব পড়তে পারে। ফলে ভারতও এই পরিস্থিতিতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ছে।
বর্তমান পরিস্থিতির ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে তিনি বলেন, এখনই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা কঠিন। তবে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য উভয় পক্ষের উদ্যোগ প্রয়োজন। পারস্পরিক আলোচনার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা জরুরি।
বাংলাদেশকে বাধ্য করবে চীনের দিকে ঝুঁকতে : রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. এম জসিম উদ্দিন বলেন, একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক কোনো ব্যক্তি বা একটি নির্দিষ্ট সরকারের ওপর নির্ভর করা উচিত নয়। আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্রের স্বার্থ অর্জিত হয় জনগণের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে। ভারত যেমন তার জাতীয় স্বার্থ রক্ষার চেষ্টা করবে, তেমনি বাংলাদেশকেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে হবে। দুই দেশের লক্ষ্য হওয়া উচিত পারস্পরিক স্বার্থ রক্ষার মধ্য দিয়ে একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা।
তিনি বলেন, ভারত যদি একজন ব্যক্তিকে কেন্দ্র করে সম্পর্ক পরিচালনা করতে চায়, তাহলে তা আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতির বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে না। চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিবর্তন, বর্তমান বিএনপি সরকার এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে ভারতের বুঝতে হবে। বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়তে হলে অতীতে ভারত যেসব ভুল করেছে, সেগুলো থেকে সরে আসতে হবে।
ভারতের ক্ষতির প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনে ভারতেরই বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ভারত যদি অব্যাহতভাবে বৈরী আচরণ করতে থাকে, তাহলে বাংলাদেশকে পুশ (বাধ্য করবে) করবে চীনের দিকে ঝুঁকে যেতে।
