গার্ডিয়ানের প্রতিবেদন
অপদস্থ সাবেক নেতা ফেরার পরিকল্পনায়
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গণ-অভুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে নির্বাসন থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। এজন্য এই সাবেক নেতা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। ভারতে নির্বাসিত আওয়ামী লীগের কয়েকজন নেতা এ তথ্য জানিয়েছেন। গত মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে শেখ হাসিনাকে ‘অপদস্থ সাবেক নেতা’ হিসাবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হাসিনা আগামী মাসে দেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী। তাকে অনুসরণ করে দলের কয়েকজন নেতাও ইতোমধ্যে বাংলাদেশে ফিরেছেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন হাসিনা। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেন। জুলাই-আগস্টের ওই আন্দোলন দমনে চালানো অভিযানে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়। তবে হাসিনা তার বিরুদ্ধে ওঠা হত্যার অভিযোগ অস্বীকার করেছেন এবং ওই ট্রাইব্যুনালকে অবৈধ বলেছেন।
হাসিনার ফেরার ঘটনায় বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে তার রাজনৈতিক দল আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ। দলটির হাজারো নেতাকর্মী কারাগারে বন্দি।
হাসিনা প্রথম দেশে ফেরার ব্যাপারে কথা বলেন গত আগস্টে। এবার তিনি আগামী মাসে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির নেতারা।
এর আগে সোমবার হাসিনার পক্ষে এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠান। এতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দ্রুত দেওয়ার অনুরোধ জানানো হয়। আওয়ামী লীগের এক নেতা গার্ডিয়ানকে বলেন, কর্তৃপক্ষ পাসপোর্ট না দিলে দেশে ফেরার জন্য হাসিনা ট্রাভেল পাসের আবেদন করবেন।
হাসিনা দণ্ডিত হওয়ার পর থেকে বাংলাদেশ সরকার তাকে দেশে ফেরানোর জন্য ভারতের ওপর চাপ সৃষ্টি করে আসছে। তবে সে দাবি শুরু থেকে অস্বীকার করে আসছে দিল্লি।
চলতি সপ্তাহেও বাংলাদেশ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে দেশটির সঙ্গে থাকা বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত চেয়েছে।
ওই ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হওয়ায় হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই। দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। তার বিরুদ্ধে আপিলের সময়সীমাও শেষ হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও নিপীড়নে জর্জরিত ১৫ বছরের শাসনামল এবং পরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়া সত্ত্বেও দলটির হাজারো নেতাকর্মীর মধ্যে হাসিনার ব্যাপক সমর্থন রয়েছে।
বিশ্লেষকদের ধারণা, দেশে ফেরার পরিকল্পনার পেছনে হাসিনার সমর্থকদের আবার সংগঠিত করা এবং তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার উদ্দেশ্য থাকতে পারে।
