বিবিসি বাংলার প্রতিবেদন
হাসিনাকে পাঠাতে ভারতের দুই শর্ত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের সামরিক বিমানে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে পাঠানোর ক্ষেত্রে তাদের দুটি প্রধান শর্তও সামনে আনা হয়েছে। শুক্রবার ভারতীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।
বাংলাদেশে চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন। এর মধ্যে দেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কয়েক মাস আগে হাসিনা রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন-তিনি ডিসেম্বরেই দেশের ফিরবেন। এখনো তিনি সেই ঘোষণাতেই অনড় আছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে-হাসিনার দেশে ফেরার ঘোষণায় আসলে ভারত কী ভাবছে?
প্রতিবেদনে বলা হয়েছে, সহজ উত্তর-ভারতের অনুমোদন ছাড়া হাসিনা নিজে থেকে এ ঘোষণা দেননি। অন্যভাবে বললে হাসিনা ও দিল্লি-উভয়ই এ ব্যাপারে একমত হয়েছে বলেই এই ঘোষণা এসেছে।
দিল্লিতে হাসিনার উপস্থিতি যে ভারতের জন্য ক্রমশ বিব্রতকর ইস্যু হয়ে উঠেছে, এটি কোনো গোপন বিষয় নয়। শুধু বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও দিল্লিকে শুনতে হচ্ছে গণহত্যায় অভিযুক্ত অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে।
এজন্য ভারত হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর জন্য নানা চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এখন ভারত মনে করছে হাসিনার দেশে ফিরে যাওয়া ও বিচারের মুখোমুখি হওয়াই বাস্তবসম্মত অপশন।
তবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতের কাছে ফেরত চেয়ে আসছে। তবে ভারতের পর্যবেক্ষকরা বলছেন, হাসিনা ভারতের দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বিদেশি বন্ধু, তাকে বন্দি হিসাবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্নই উঠে না।
ভারতের কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, হাসিনার দেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটি। প্রথমত, হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং ২০২৪ সালের জুলাইয়ে হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া ফেরার পর তার নিরাপত্তার দায়িত্বও সেনাবাহিনী গ্রহণ করুক, এমনটাই চায় ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য-‘আমরা কখনোই জেনেবুঝে হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না।’
ভারত ও বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। দিল্লি এখন চায়, দেশে ফিরে গেলে হাসিনার সুরক্ষার ভার বাংলাদেশের সেনাবাহিনীই নিক। তবে ভারতের কর্মকর্তারা হাসিনার দেশে ফেরার পথে বাধা দেখছেন অন্য জায়গায়। তারা বিবিসিকে বলেছেন, মুখে যতই হাসিনাকে ফেরত চাক, বাস্তবে ঢাকা মোটেই চায় না তিনি ফিরুক।
ভারতীয় পর্যবেক্ষকের মতে, ঘটনাপ্রবাহ যদি খুব নাটকীয় মোড় না নেয়, ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ। বাস্তবতা হলো-ভারত যেভাবে চাইছে সেভাবে হাসিনাকে দেশে ফেরানো কঠিন-এটি প্রথম থেকেই দিল্লি জানে। এরপরও হাসিনা দিল্লি নিয়েই এমন ঘোষণা দিয়েছেন।
