কাফনের কাপড়সহ শাহজাহান চৌধুরীকে হুমকি, খোঁজ নিলেন তারেক রহমান
টেকনাফ ও রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
শাহজাহান চৌধুরী ও তাকে পাঠানো চিঠি। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে সাদা কাপড়সহ উড়ো চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে শাহজাহান চৌধুরীর সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডাকযোগে প্রাপ্ত ওই চিঠির খামের সঙ্গে একটি সাদা কাপড়ের টুকরো সংযুক্ত ছিল, যা কাফনের কাপড় হিসেবে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করা হয়।
চিঠিতে তারিখ দেওয়া রয়েছে ২৩ ডিসেম্বর ২০২৫। কথিত ব্যাটালিয়ন-৭১ কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর পরিচয়ে মুমিনুল আলম নামে এক ব্যক্তির স্বাক্ষরে লেখা হয়-
জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন।
চিঠিতে আরও বলা হয়-
অন্যথায় পরিণতি শরিফ ওসমান হাদির মতো হবে। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহজাহান চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলে খোঁজখবর নেন।
বিষয়টি নিশ্চিত করে শাহজাহান চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে এমন ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিলাম।
হুমকির ঘটনায় তিনি উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান।
এদিকে রোববার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনি এলাকায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী হুমকির বিষয়টি উপস্থাপন করলে নির্বাচন কমিশনার তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
উখিয়া থানার ওসি নুর আহমদ জানান, সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
