ড. রেদোয়ান আহমেদ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ বলেছেন, আমি ঋণখেলাপি নই, মনোনয়নপত্রে কোনো তথ্য গোপনও করিনি।
রোববার (১৮ জানুয়ারি) বিকালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. রেদোয়ান বলেন, শনিবার দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলে সারা দেশে বিএনপির মনোনীত প্রার্থীদের ঋণখেলাপির তথ্যের সঙ্গে আমার নাম জড়িয়েও সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে প্রচার করা হয় আমি একটি ব্যাংকে ৪১ লাখ টাকা ঋণখেলাপি এবং অপর একটি ব্যাংকে জিম্মাদার; কিন্তু যারা ওই সংবাদটি প্রচার করেছেন তারা আমার কোনো মন্তব্য না নিয়ে এক তরফা সংবাদ প্রচার করে আমার নির্বাচনি মাঠে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
প্রকৃতপক্ষে আমি ২০১৫ সালেই উল্লেখিত ঋণ পরিশোধ করি। যার সব ধরনের প্রমাণাদি আমার কাছে আছে। অপরদিকে আমি যে ব্যক্তির জিম্মাদার হয়েছিলাম সেও তার ঋণ পরিশোধ করেছেন। যেহেতু কোনো ঋণ নেই সেহেতু আমি মনোনয়নপত্রের ৯নং কলামে কিছু লেখার প্রশ্নই আসে না। বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে আমাকে ঋণখেলাপি দেখানোর বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
নির্বাচনি মাঠে যেকোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন ড. রেদোয়ান। এছাড়া এসব মিথ্যা তথ্যের সংবাদে নেতাকর্মী ও সমর্থকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
