বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা’ এবার হলিউডে
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির ‘মহারাজা’ সিনেমা এবার নির্মাণ হতে যাচ্ছে হলিউডে। এর আগে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত নিথিলন স্বামীনাথন পরিচালিত এ তামিল থ্রিলার সিনেমাটির মুকুটে জুড়ল নতুন পালক।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে হলিউডে নতুন করে এ সিনেমাটি নির্মাণের কথা জানানো হয়েছে। নির্মাতাদের দাবি, এই প্রথম কোনো তামিল সিনেমা হলিউডে রিমেক হতে যাচ্ছে।
প্রসঙ্গেত, 'মহারাজা' সিনেমাটি গল্পের শুরুটা ছিল বেশ চমকপ্রদ। একটি হারিয়ে যাওয়া আবর্জনার পাত্র খুঁজছিল মুখ্য চরিত্র ‘মহারাজা’। সেই অভিযোগ নিয়ে থানায় হাজির হন তিনি। প্রথমে বিষয়টি নিছক চুরির ঘটনা বলেই মনে হয়। কিন্তু তদন্ত যত এগিয়ে যায়, ততই প্রকাশ্যে আসে ভয়াবহ এক সত্য। সাধারণ একটি অভিযোগ ধীরে ধীরে পরিণত হয় প্রতিশোধ ও অপরাধের অন্ধকার গল্পে। তবে সিনেমার শেষে শিউরে ওঠার মতো একটি ঘটনা রয়েছে।
এ সিনেমাটির হলিউড সংস্করণে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পারেন অস্কারজয়ী অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহে। এ নিয়ে বেশ কয়েক দিন ধরেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে জল্পনা। তবে তার নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
‘মহারাজা’র প্রযোজক সুধন সুন্দরম জানিয়েছেন, একজন প্রথম সারির হলিউড অভিনেতাকে নিয়ে এ সিনেমাটি নির্মাণের কথা ভাবা হচ্ছে।
‘মহারাজা’র সাফল্যের পরেই সিনেমাটির পুনর্নির্মাণের স্বত্ব নিয়ে হলিউডের একটি সংস্থা নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেছিল বলে জানিয়েছেন সুধন সুন্দরম। আগামী বছর 'মহারাজা' সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, অভিনেতা বিজয় সেতুপতি ‘মহারাজা’ মুক্তি পেয়েছিল ২০২৪ সালের জুন মাসে। এ সিনেমায় আরও অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ, সচনা নমিদাস, নাট্টি সুব্রহ্মণ্যম, মমতা মোহনদাসসহ অনেকেই।
