Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জাবির মেডিকেল সেন্টারে ওষুধকাণ্ডে স্টোর কর্মকর্তা বরখাস্ত

Advertisement

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম

জাবির মেডিকেল সেন্টারে ওষুধকাণ্ডে স্টোর কর্মকর্তা বরখাস্ত

ফাইল ছবি

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিকেল সেন্টারে ওষুধের হিসাব-নিকাশে গরমিলের ঘটনায় স্টোরের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার মো. নূর-এ-কামালকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের চিহ্নিত করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এদিকে শিক্ষার্থীদের অভিযোগের পর প্রধান মেডিকেল কর্মকর্তা (সিএমও) ড. শামসুর রহমানের বিরুদ্ধেও তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে বিরত রাখার কথাও জানিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে স্টোর কর্মকর্তাকে বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুর রব শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে প্রধান মেডিকেল কর্মকর্তার বিরুদ্ধেও তদন্তের সিদ্ধান্তের কথা জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত মাত্র ২১ দিনের ব্যবধানে মেডিকেল সেন্টারের স্টোর থেকে ১৯ হাজার ৫৬৭টি ওষুধের হিসাব পাওয়া যায়নি। এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য ৭৩ হাজার ১১০ টাকা। প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ পাওয়ার পর স্টোরের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. নূর-এ-কামালকে সাময়িক বরখাস্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার উপদেষ্টা কমিটির সুপারিশক্রমে কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী জীবিকা নির্বাহ ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।

একই আদেশে ট্রেজারার অধ্যাপক আব্দুর রবকে সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার আলাউদ্দিন মোল্লা। সদস্য হিসেবে রয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তার। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ওষুধের হিসাব-সংক্রান্ত অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে প্রধান মেডিকেল কর্মকর্তা ড. শামসুর রহমানকে তার কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে তদন্ত এবং দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর তারা কর্মসূচি প্রত্যাহার করেন। 

এদিকে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনী মোবারক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধান মেডিকেল কর্মকর্তার বিরুদ্ধে ওষুধ ব্যবস্থাপনায় দায়িত্বে অবহেলা, নিয়োগে স্বজনপ্রীতি, টিটেনাস ভ্যাকসিন সরবরাহে অনিয়ম, সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহার, করোনা ও ডেঙ্গুর সময় কেনাকাটায় অনিয়ম এবং চিকিৎসাসেবায় অবহেলাসহ একাধিক অভিযোগ তোলেন। তিনি এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং মেডিকেল সেন্টারের সার্বিক উন্নয়নের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুর রব বলেন, ওষুধের হিসাব-সংক্রান্ত অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর স্টোর কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পাওয়ার পর প্রধান মেডিকেল কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, মেডিকেল সেন্টারে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন পদ সৃষ্টির বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনীয় অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) প্রস্তাব পাঠানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার, আরেকজনকে শোকজ

জাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার, আরেকজনকে শোকজ

প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

পদত্যাগ নিয়ে ছাত্রদল নেত্রী প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশ সেরা জাবি

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশ সেরা জাবি

টাইমস র‌্যাঙ্কিং-এ দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

টাইমস র‌্যাঙ্কিং-এ দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

আরও পড়ুন

জাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার, আরেকজনকে শোকজ

জাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার, আরেকজনকে শোকজ

নতুন উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নতুন উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

গোসল নিয়ে বিরোধে শিক্ষার্থীকে থাপ্পড়, কানের পর্দা ক্ষতিগ্রস্তের অভিযোগ

গোসল নিয়ে বিরোধে শিক্ষার্থীকে থাপ্পড়, কানের পর্দা ক্ষতিগ্রস্তের অভিযোগ

শিক্ষামন্ত্রী নতুন বইয়ের পাশাপাশি জানুয়ারিতে ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

নতুন বইয়ের পাশাপাশি জানুয়ারিতে ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম