Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক। ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত মৌলিক পাঠ্যবই প্রণয়ন, গবেষণালব্ধ, একাডেমিক ও অনুবাদধর্মী প্রকাশনা কার্যক্রম জোরদার করতে বাংলা একাডেমি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)-এর সঙ্গে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় আলাদা আলাদা অনুষ্ঠানে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালকের কনফারেন্স হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ এবং বাংলা একাডেমির পক্ষে মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

এর আগে রাজধানীর ফার্মগেটের আরএইচ হোম সেন্টারে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর আমানুল্লাহ এবং ইউপিএলের ম্যানেজিং ডিরেক্টর মাহরুখ মহিউদ্দীন স্বাক্ষর করেন।

তৃতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কার্যালয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর আমানুল্লাহ এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এতে স্বাক্ষর করেন।

এসব সমঝোতার ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষকদের একাডেমিক ও গবেষণাকর্ম বই আকারে প্রকাশের সুযোগ আরও বিস্তৃত হবে। পাশাপাশি বাংলা একাডেমির সাহিত্য, ভাষা ও গবেষণাভিত্তিক প্রকাশনা-অভিজ্ঞতা, পিআইবির সাংবাদিকতা ও গণমাধ্যমবিষয়ক প্রকাশনা দক্ষতা এবং ইউপিএলের আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক প্রকাশনা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন বই ও গবেষণাধর্মী প্রকাশনা তৈরির সুযোগ সৃষ্টি হবে।

শুধু শিক্ষার্থীদের জন্য বই প্রকাশ নয়—এই উদ্যোগের মাধ্যমে গবেষণা, অনুবাদ, জ্ঞানচর্চা ও একাডেমিক প্রকাশনার একটি শক্তিশালী পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে। এর ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীর কাছে নির্ভরযোগ্য ও মানসম্মত জ্ঞানভিত্তিক উপকরণ পৌঁছানোর পাশাপাশি শিক্ষক-গবেষকদের সৃজনশীল ও গবেষণা দিয়ে প্রকাশনা তৈরি করা সহজ হবে।

সমঝোতা স্বাক্ষর বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আমানুল্লাহ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে প্রায় ৪ হাজার কোর্স চালু থাকলেও মানসম্মত মূল পাঠ্যবইয়ের চরম সংকট রয়েছে। এমনকি ১০টি ভালো মৌলিক পাঠ্যবই খুঁজে পাওয়াও কঠিন। একটি করে পাঠ্যবই প্রকাশ করা হলে ৪ হাজার বই প্রকাশ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সুনির্দিষ্ট প্যাডাগোজি বা শিক্ষণপদ্ধতিও গড়ে ওঠেনি। 

তিনি বলেন, বাজারে এখন নিম্নমানের গাইড বইয়ের সয়লাব। এর ফলে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় মূল পাঠ্যবই থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজেই মানসম্মত মৌলিক পাঠ্যবই তৈরির উদ্যোগ নিয়েছে।

ভাইস-চ্যান্সেলর বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান শুধু শ্রেণিকক্ষের পাঠদান দিয়ে নির্ধারিত হয় না; মানসম্মত পাঠ্যবই, গবেষণা এবং জ্ঞানভিত্তিক প্রকাশনাও এর গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় বিশ্ববিদ্যালয় সেই জায়গাটিকে শক্তিশালী করতে কাজ করছে। বাংলা একাডেমি, পিআইবি ও ইউপিএলের সঙ্গে এই সহযোগিতা আমাদের সেই উদ্যোগকে আরও কার্যকর ও টেকসই করবে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. ফারুক আহম্মেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দপ্তর ঘেরাও

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দপ্তর ঘেরাও

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স প্রথম বর্ষের ২ ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স প্রথম বর্ষের ২ ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন

অনার্স দ্বিতীয় বর্ষের ৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

অনার্স দ্বিতীয় বর্ষের ৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

আরও পড়ুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই ইউজিসিতে যাবে শিক্ষার্থীর তথ্য : শিক্ষামন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই ইউজিসিতে যাবে শিক্ষার্থীর তথ্য : শিক্ষামন্ত্রী

এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে

এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে

কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম