ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা হামিম ও স্থানীয় এক অটোরিকশাচালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহত অটোরিকশাচালকের নাম সুজন (৩২)। বিস্ফোরণের পর আহত দুজনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসে। পরে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলের আশপাশে থাকা দুজন আহত হন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ৭টার দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গেটে একটু বিকট আওয়াজ হয়। পরবর্তীতে আনসার সদস্যদের কাছে জানতে পারি, সেখানে ছোটখাটো একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
তিনি বলেন, আমরা সরেজমিনে সেখানে গিয়ে যেটা দেখেছি, আমার কাছে মনে হয়েছে, কৌটা দিয়ে কিছু আলপিন বা বারুদ দিয়ে সম্ভবত হোমমেড একটি ককটেল তৈরি করা হয়েছে। এটা নিক্ষেপ করা হয়েছে। তবে সেখানে আনসার সদস্যরা ছিলেন। ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণে তারা কাউকে সেভাবে শনাক্ত করতে পারেননি।
প্রক্টর আরও বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে, আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অতিসত্বর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি আমরা কোতোয়ালি থানা, সদর দক্ষিণ থানা ও কোর্টবাড়ী পুলিশ ফাঁড়িকে অবহিত করব। যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধান করার চেষ্টা করছি। বিশেষ করে যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের ধরার ব্যবস্থা করছি।
প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
