মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
ধানমন্ডি (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর আমন্ত্রণে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান আজ কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আবু জাফর খান যুগান্তরকে নিশ্চিত করেছেন ৷
সাক্ষাৎকালে উভয়ের মধ্যে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, ভাষা শিক্ষার প্রসার এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষভাবে আরবি ও মালয় ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও আন্তর্জাতিক একাডেমিক বিনিময়ে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশি জনশক্তির জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরিতে ভাষা শিক্ষার ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়।
এছাড়াও মালয় ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে মালয়েশিয়ার শ্রমবাজারে তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে মতবিনিময় করেন বাংলাদেশ হাইকমিশনার ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ লক্ষ্যে ভাষাগত দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের মালয়েশিয়ার শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়া (USIM) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM)-এর আমন্ত্রণে বর্তমানে সরকারি সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান।
সৌজন্য সাক্ষাৎকালে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মিস্টার জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্যের সফরসঙ্গী হিসেবে তাঁর একান্ত ব্যক্তিগত সহকারী ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আশফাক আখতারও উপস্থিত ছিলেন।
