Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

২ দফা দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষার্থীদের তালা

Icon

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম

২ দফা দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষার্থীদের তালা

বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ছবি: যুগান্তর

Advertisement

বিভাগের নাম পরিবর্তনসহ দুই দফা দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগে তালা দিয়ে কর্মসূচি পালন করছেন। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯ টার দিকে শিক্ষার্থীরা বিভাগের সামনে অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে গতকাল বুধবার বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

দুই দফা দাবি হলো- ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন করে কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম করা এবং বিভাগটিকে কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরিত করা।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় ‘এই মুহূর্তে দরকার, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সংস্কার’, ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে’, ‘সিন্ডিকেট না মুক্তি, মুক্তি মুক্তি’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে তারা এক বছরের বেশি সময় ধরে দাবি জানিয়ে আসছেন। আগামী ৩ অক্টোবর সিন্ডিকেট সভায় এ বিষয়ে তদন্ত কমিটির প্রাথমিক সুপারিশ অনুমোদন জন্য উপস্থাপনের কথা রয়েছে। তবে তাদের দাবি বাস্তবায়ন না করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে তারা জানান তারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। দ্রুত সিন্ডিকেটের অনুমোদনের মাধ্যমে দীর্ঘদিনের এ দাবির সমাধান চান তারা।

শিক্ষার্থীদের দাবি, বিভাগের পাঠ্যক্রমে কমিউনিকেশন, মিডিয়া ও ফিল্ম– সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পড়ানো হলেও বর্তমান নামের মধ্যে ‘কমিউনিকেশন’ শব্দটি নেই। ফলে একাডেমিক ও পেশাগত পরিচয়ের ক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হয়। বিশেষ করে চাকরির ক্ষেত্রে শুধুমাত্র কমিউনিকেশন শব্দটি না থাকার কারণে নিজেদের বিষয় ও শিক্ষাগত পরিচয় ব্যাখ্যা করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এছাড়া নানা ক্ষেত্রে নামের কারণে বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হতে হয় বলে তারা জানান।

একই সঙ্গে বিভাগটিকে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, ফিল্ম, মিডিয়া ও কমিউনিকেশন সামাজিক বিজ্ঞানভিত্তিক বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই ধরনের বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে থাকলেও জাককানইবিতে বিভাগটি কলা অনুষদের অধীনে রয়েছে।

ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান পল বলেন, ‘বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের বিষয়টি একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সুপারিশ করা হয়েছে। এখন বিষয়টি সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সিন্ডিকেটে বিষয়টি উপস্থাপনের পর তারা যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেটে হবে। এটি আমার একক সিদ্ধান্তে বাস্তবায়ন করার সুযোগ নেই। এ জন্য সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন। বিভাগে তালা লাগিয়ে কোনো সমাধান হবে না। আগামী শনিবার সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। সেখানে সবার মতামতের ভিত্তিতে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। তাই সিন্ডিকেটের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

বিভাগীয় সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি দেন। পরে বিভাগের ১২৯তম একাডেমিক কমিটির সভায় এ বিষয়ে সুপারিশ করা হয়। ২০২৫ সালের নভেম্বরে সিন্ডিকেটের সিদ্ধান্তে পাঁচ সদস্যের কমিটি গঠিত হলে তাদের প্রতিবেদনের ভিত্তিতে গত ৯ জানুয়ারি বিভাগের নাম ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’ এবং সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের প্রাথমিক সুপারিশ করা হয়। দীর্ঘদিন পর আগামী ৩ অক্টোবর সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


Advertisement

Advertisement

আরও পড়ুন

আবু সাঈদ হত্যা বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন বহিষ্কার

বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন বহিষ্কার

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

২ দফা দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষার্থীদের তালা

২ দফা দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষার্থীদের তালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম