চুয়েটে ১০ম দিনেও আন্দোলন, গান-কবিতায় শিক্ষার্থীদের প্রতিবাদ
চুয়েট প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন ১০ম দিনে গড়িয়েছে। ক্লাশ ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের এ আন্দোলন অব্যাহত রয়েছে।
আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা থেকে চুয়েটের প্রধান ফটকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হয়।
পাশাপাশি উপাচার্যকে পুনর্বহালের একই দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে তারা অবস্থান নেন।
এদিকে প্রতিবাদী গান ও কবিতার মধ্য দিয়ে বৃহস্পতিবার ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপাচার্য ভবনের সামনে ‘প্রতিবাদী কনসার্ট’ নামে এ কর্মসূচির আয়োজন করেন তারা।
আন্দোলন প্রসঙ্গে পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌমিতা দত্ত প্রিয়া বলেন, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম স্যারকে পুনর্বহালের দাবিতে আজ ১০ম দিনের মতো আমাদের প্রতিবাদী কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় আজ প্রতিবাদী কনসার্ট ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আলোকচিত্র প্রদর্শনীতে গত ৯ দিনে আমাদের যে প্রতিবাদী কণ্ঠস্বর ফুটে উঠেছে, তা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের নীরবতারও তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। আমাদের সাবেক উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত এ আন্দোলন চলবে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে শিক্ষার্থীদের ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি চলছে। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা মশাল মিছিল, লালকার্ড প্রদর্শনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। শিক্ষার্থীদের বয়কটের কারণে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।
