শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি, শুরু কবে
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হচ্ছে। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার নির্ধারিত ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রতিষ্ঠানভেদে টানা ১০ দিন বা তারও বেশি সময় বন্ধ থাকতে পারে। তবে ছুটির সময়সূচি প্রতিষ্ঠান ও শিক্ষার স্তরভেদে ভিন্ন হবে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও বাড়ানো হয়েছে। ২২ অক্টোবর নির্বাহী আদেশে নতুন করে ছুটি ঘোষণা করায় এবার সরকারি চাকরিজীবীরা দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নতুন করে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সাপ্তাহিক ছুটিসহ সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের বিরতি তৈরি হয়েছে।
স্কুলে ১০ দিনের ছুটির সুযোগ
২০২৬ সালের সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি পাওয়া যাবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবরও শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। পরদিন ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি থাকলে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটির সুযোগ তৈরি হবে।
তবে ছুটির এই হিসাব সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। একাডেমিক ক্যালেন্ডারের প্রয়োজন অনুযায়ী ছুটির সময়সূচিতে পরিবর্তনও আসতে পারে।
কলেজে ছুটি ১৮ থেকে ২৯ অক্টোবর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজগুলোতে এ বছর ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি রাখা হয়েছে। এ হিসাবের মধ্যে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি আলাদাভাবে ধরা হয়নি।
দুর্গাপূজা ও বিজয়া দশমীর পাশাপাশি প্রবারণা পূর্ণিমা এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে এ ছুটি নির্ধারণ করা হয়েছে।
ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটিও যুক্ত হলে কলেজের শিক্ষার্থীরা আরও দীর্ঘ বিরতি পাবেন। ১৬ ও ১৭ অক্টোবর এবং ৩০ ও ৩১ অক্টোবরের শুক্র ও শনিবার যুক্ত করলে মোট ১৬ দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে।
মাদরাসায় তিন দিনের ছুটি
দুর্গাপূজা উপলক্ষে সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্যও ছুটি রাখা হয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ছুটির সময় ভিন্ন হতে পারে
বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির চিত্র এক নয়। দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারি ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য নয়। স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের একাডেমিক ক্যালেন্ডার, প্রশাসনিক সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে ছুটির সময়সূচি নির্ধারণ করে।
তাই দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়কালও ভিন্ন হতে পারে। কোনো বিশ্ববিদ্যালয় সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ছুটি দিতে পারে, আবার কোনোটি পূজার আগে বা পরে অতিরিক্ত ছুটি নির্ধারণ করতে পারে।
একইভাবে ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম ও আবাসিক হলের কার্যক্রমের সময়সূচিও বিশ্ববিদ্যালয়ভেদে আলাদা হতে পারে। ফলে কোনো বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি কত দিন থাকবে বা টানা কত দিনের বিরতি তৈরি হবে, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পৃথক বিজ্ঞপ্তি প্রকাশের পরই নিশ্চিত হওয়া যাবে।
