জাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার, আরেকজনকে শোকজ
Advertisement
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে শাখা ছাত্রদলের অন্য এক যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিককে তার সাংগঠনিক পদ থেকে এবং ছাত্রনেতা রাসেল খন্দকারকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এদিকে, পৃথক আরেকটি নোটিশে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মুখে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট কারণ বা অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
