সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন ছাত্রদলের আবিদ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। সম্প্রতি বিভিন্ন ঘটনা নিয়ে সালমানের বক্তব্যকে মনগড়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন আবিদুল ইসলাম খান।
সেখানে তিনি বলেন, আমাদের এই শহরে এই নগরীতে একজন মিথ্যাবাদী রাখাল বালকের আবির্ভাব ঘটেছে। যিনি সর্বপ্রথম মিথ্যা বলেছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটরের বাসায় আগুনকে কেন্দ্র করে। তখনও তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ব্লেমিং করার চেষ্টা করেছিলেন। পরে পুলিশের তদন্তে সেটা মিথ্যা প্রমাণিত হয়।
আবিদুর রহমান বলেন, তিনি দ্বিতীয়বার মিথ্যা বলেছিলেন ধর্ষণের মত একটা সেনসিটিভ কেস নিয়ে। উনি নিজের মনগড়া মতামত দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে ডিএনএ টেস্টে তার কথা আবারও মিথ্যা প্রমাণিত। তৃতীয়বার তিনি মিথ্যে বলেছেন জামায়াত এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট ভূমিদস্যু নেতাদের অভ্যন্তরীণ কোন্দল এবং সংঘর্ষকে বিএনপির চাঁদাবাজি হিসেবে ট্যাগ দিয়ে তৃতীয়বারের মত মিথ্যাবাদী হিসেবে জাতির কাছে প্রমাণিত হয়েছেন।
ছাত্রদলের হয়ে ডাকসু ভিপি পদে ভোট করা আবিদ আরও বলেন, সেদিন ইসিবি চত্তরে মূলত কী ঘটেছিল? সেখানে দুটা পক্ষ ছিল। একটা পক্ষের নেতা ছিলেন জামায়াতের নেতা (জামায়াতের রোকন) নাজিমুদ্দিন সাহেব। যিনি আওয়ামী লীগের আমলে ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিনের সঙ্গে সক্ষতা বৃদ্ধি করে বিভিন্ন ধরনের সম্পত্তি অবৈবদ্ধভাবে দখল করেছেন, সম্পত্তি বাড়িয়েছেন। তিনি কে? জামায়াতের রুকন নেতা নাজিমুদ্দিন সাহেব। অপরপক্ষে ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন আহমেদ। যিনি যুবলীগ নেতা নিখিলের সঙ্গে সখ্য বাড়িয়ে তার কার্যক্রম চালিয়ে গিয়েছেন। বর্তমানে তিনি জামায়াত নেতা হিসেবেই সবার কাছে পরিচিত।
আবিদ বলেন, জুলাই মাঠে নামার কারণে আপনাকে যে শ্রদ্ধা স্নেহ সহনশীলতা দিয়েছিল বাংলাদেশের মানুষ আপনি সে বিশ্বাসকে নষ্ট করেছেন। সেখানেও আপনি গ্রহণযোগ্যতা হারিয়েছেন। সুতরাং আগামীবার চতুর্থবার আপনি যাই বলবেন খুব সতর্কতার সঙ্গে বলবেন। নতুবা ওই মিথ্যা রাখাল বালকের মত যে বাস্তবতা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি সেটার জন্য প্রস্তুত আছেন তো সালমান মুকতাদির।


