Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাবিতে দাবা প্রতিযোগিতা

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পিএম

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাবিতে দাবা প্রতিযোগিতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে বিটিএফ ও ডিইউসিসি। ছবি: যুগান্তর

Advertisement

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে আত্মহত্যা প্রতিরোধমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) ও ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব (ডিইউসিসি)। তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মননশীলতা ও ইতিবাচক চিন্তার বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) আয়োজনে ‘বিটিএফ-ডিইউসিসি ফিদে র‍্যাপিড রেটেড চেস চ্যাম্পিয়নশিপ ২০২৬’ শীর্ষক এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয় এবং স্কুল-কলেজ, দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে পয়েন্ট ও চূড়ান্ত অবস্থানের ভিত্তিতে সেরা ১০ জন দাবাড়ুকে পুরস্কৃত করা হয়। দুই বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে আট হাজার, ছয় হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়া হয়। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীরা পান তিন হাজার টাকা করে। ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারীদের দেওয়া হয় পদক।

বিশ্ববিদ্যালয় বিভাগে ৬ দশমিক ৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন সুব্রত বিশ্বাস। ছয় পয়েন্ট নিয়ে প্রথম রানারআপ হন মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ৫ দশমিক ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রানারআপ হন অমিত বিক্রম রায়। এ বিভাগে চতুর্থ থেকে দশম স্থান অর্জন করেন যথাক্রমে এ এস এম সয়েব রেজা, তানভীর আলম, তাহমিদুল হক, মাইনুল আলম, রাকিবুল হাসান ইমন, মো. রাইসান ইসলাম রাতুল ও আবরার রহমান। 

স্কুল-কলেজ বিভাগে ৬ দশমিক ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন রায়ান রশিদ মুগ্ধ। ছয় পয়েন্ট পেয়ে প্রথম রানারআপ হন মো. আজমাঈন পারভেজ সায়র এবং ৫ দশমিক ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রানারআপ হন সাফায়াত কিবরিয়া আজান। এ বিভাগে চতুর্থ থেকে দশম স্থান অর্জন করেন যথাক্রমে সিয়াম চৌধুরী, শাদাত কিবরিয়া আয়ান, আজরাফ আনান, আওসাফ চৌধুরী, মুহতাদি তাজওয়ার নাশীদ, রাইয়ান সায়েদী ও মোহাম্মদ মাহীন রহমান।

বিকালে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, ফেডারেশনের সিনিয়র যুগ্ম সম্পাদক ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান, ইনার হুইল ক্লাব অব লবেলিয়ার প্রেসিডেন্ট সাজেদা আক্তার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সভাপতি ফারিহা সুমনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাজিদুল ইসলাম। 

অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান বলেন, মানসিক স্বাস্থ্য ভালো রাখা ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে দাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত দাবা চর্চা মনোযোগ, চিন্তাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে সহায়ক। 

ইনার হুইল ক্লাব অব লবেলিয়ার প্রেসিডেন্ট সাজেদা আক্তার বলেন, মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি এবং বিভিন্ন সামাজিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে শিক্ষার্থীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতিতে তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে ইতিবাচক, সৃজনশীল ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে জয়শ্রী জামান বলেন, মানসিক সুস্থতার জন্য খেলাধুলা, বিনোদন ও সাংস্কৃতিক চর্চা অত্যন্ত প্রয়োজনীয়। সুন্দর ও ইতিবাচক পরিবেশ তৈরি করা গেলে মানুষের বিষণ্নতা কমাতে সহায়তা করা সম্ভব। এ ভাবনা থেকেই দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।  

তিনি বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে গিয়ে খেলাধুলার সঙ্গে আত্মহত্যা প্রতিরোধের সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তবে মানসিক সুস্থতা নিশ্চিত করতে মানুষের জীবনযাপনে ইতিবাচক ও সৃজনশীল কার্যক্রমের চর্চা বাড়ানো জরুরি। দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলাকে অবহেলা না করে এর বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে জয়শ্রী জামান বলেন, জীবনের সিদ্ধান্তগুলো দাবার চালের মতো ভেবেচিন্তে নিতে হবে, যাতে ভুল পদক্ষেপের কারণে বড় ক্ষতি না হয়। আত্মহত্যা ও বিষণ্নতাকে না বলার পাশাপাশি মানসিক শক্তি ধরে রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। 

মানসিক কষ্ট একা চেপে না রেখে অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, কখনো মনের মধ্যে কোনো কষ্ট চাপা রাখবে না। কারও সঙ্গে শেয়ার করলে অনেকটা হালকা হওয়া যায়। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোমার গোপন কথাটি, সখী, রেখো না মনে’ পঙ্ক্তির কথাও স্মরণ করেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা রাবিতে তিন ছাত্রদল নেতা-এক হল জিএসের ছাত্রত্ব বাতিল

রাবিতে তিন ছাত্রদল নেতা-এক হল জিএসের ছাত্রত্ব বাতিল

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাবিতে দাবা প্রতিযোগিতা

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাবিতে দাবা প্রতিযোগিতা

জুনিয়রকে গালিগালাজের অভিযোগ, গোবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে মারধর

জুনিয়রকে গালিগালাজের অভিযোগ, গোবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে মারধর

পদত্যাগে বাধ্য করা রামেবি উপাচার্যকে কার্যালয়ে বসালেন ভূমিমন্ত্রী

পদত্যাগে বাধ্য করা রামেবি উপাচার্যকে কার্যালয়ে বসালেন ভূমিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম