গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র সরানো হলো দুই জেলায়
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। জেলার পাঁচটি পরীক্ষাকেন্দ্রের পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলার বিভিন্ন কেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
রোববার (২৯ নভেম্বর) বোর্ডের এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলায় এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় পরীক্ষাকেন্দ্রগুলো স্থানান্তর করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে মাদারীপুরের রাজৈর সরকারি রাজৈর গোপালগঞ্জ কলেজিয়েট যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে।
কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ।
এ ছাড়া কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে রাজৈর সরকারি রাজৈর কলেজে। টুঙ্গিপাড়া ও মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।
পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

