এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল পুনরায় প্রকাশ, দেখুন এখানে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফলে গরমিল ধরা পড়ার পর সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন হিসাবে সারা দেশে ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর আগে প্রথম দফায় ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তনের তথ্য প্রকাশ করা হয়েছিল। দুই হিসাবের মধ্যে পার্থক্য ১০ হাজার ২০৪ জনের।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টায় ফলাফলের সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করা হয়। এর আগে বিকেল ৩টায় প্রথম দফায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দফায় প্রকাশিত ফলাফলের সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট গ্রুপসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়। তবে পরিসংখ্যানে গরমিল ধরা পড়ায় সন্ধ্যার আগেই মন্ত্রণালয়ের গ্রুপ থেকে তা সরিয়ে নেওয়া হয়। পরে নতুন করে হিসাব যাচাই করে সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করা হয়।
সংশোধিত ফলে যত পরিবর্তন
নতুন হিসাব অনুযায়ী, এবার এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। এতে ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। আবেদনকারীদের হিসাবে ফল পরিবর্তনের হার ৭ দশমিক ৯৫ শতাংশ।
ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের মধ্যে ফেল থেকে পাশ করেছেন ৫ হাজার ৫৪৮ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন।
বোর্ডভিত্তিক হিসাবে, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে মোট ১৯ হাজার ৭১০ জনের ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ফেল থেকে পাশ করেছেন ৩ হাজার ১৮২ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪১১ জন।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ফেল থেকে পাশ করেছেন ১৪২ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৭১ জন।
কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৩০৭ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফেল থেকে পাশ করেছেন ২ হাজার ২২৪ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন।
কোন বোর্ডে কতজনের ফল পরিবর্তন
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ডে। এ বোর্ডে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এরপর কুমিল্লা বোর্ডে ২ হাজার ৮১৩, ময়মনসিংহে ২ হাজার ৬৬৮, চট্টগ্রামে ২ হাজার ৪৩ এবং দিনাজপুরে ২ হাজার ৩৫ জনের ফল পরিবর্তন হয়েছে।
এ ছাড়া যশোর বোর্ডে ১ হাজার ৭৩৬, সিলেটে ১ হাজার ২৬৭, রাজশাহীতে ৭৭৫ এবং বরিশাল বোর্ডে ৫২০ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
সংশোধিত পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ফেল থেকে পাসের সংখ্যায় শীর্ষে রয়েছে ময়মনসিংহ বোর্ড। এ বোর্ডে ৬৫৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাশ করেছেন।
অন্যদিকে, নতুন করে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৪৬৫ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
