বেরোবিতে বঙ্গবন্ধুর নামের বানান ভুল থাকায় অফিসে তালা দিল ছাত্রলীগ
Advertisement
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০১৮, ০৬:২৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রকৌশল দফতরের এক চিঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বানান ভুল থাকায় সেই অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতারা।
রোববার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতা প্রকৌশল দফতরে গিয়ে উপসহকারি প্রকৌশলীর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
শাখা ছাত্রলীগ এবং প্রকৌশল দফতর সূত্রে জানা গেছে, ৪ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ মুখতার ইলাহী হল এবং কেন্দ্রীয় লাইব্রেরীর বৈদ্যুতিক মেইনটেনান্স কাজের জন্য প্রকৌশল দফতর থেকে দুজন ইলেকট্রিশিয়ানকে দায়িত্ব প্রদানের জন্য একটি চিঠি ইস্যু করা হয়।
সেই চিঠিতে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জায়গায় ‘বঙ্গবন্দু শেখে’ এবং শহীদ মুখতার ইলাহীর জায়গায় ‘মোখতার’ ইলাহী লেখা হয়। ওই চিঠিতে স্বাক্ষর ছিল বিশ্ববিদ্যালয়ের উপপ্রকৌশলী মো. শরীফ হোসাইন পাটোয়ারির।
সেই চিঠি ছাত্রলীগের নেতারা প্রকৌশল দফতরে সংশোধনীর জন্য পাঠালে কোনো সংশোধনী ছাড়ায় আবারও ইস্যু করা হয়।
এতে ক্ষুব্ধ হয়ে শহীদ মুখতার ইলাহী হল শাখা ছাত্রলীগের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক কাউসার আলী এবং সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান জয় প্রকৌশল দফতরের উপপ্রকৌশলীর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
শহীদ মুখতার ইলাহী হল শাখা ছাত্রলীগের সভাপতি হাসান আলী যুগান্তরকে বলেন, ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বঙ্গবন্ধু এবং একজন শহীদের নামের বানান ভুলের বিষয়টা আমার খারাপ লেগেছে। সংশোধনীর জন্য অবগত করলেও কোনো ফল না পাওয়ায় অফিসে তালা ঝুলিয়ে দিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের উপপ্রকৌশলী মো. শরীফ হোসাইন পাটোয়ারি বলেন, কম্পিউটার অপারেটর এসব বানান সঠিক না লিখেই আমার কাছে পাঠিয়ে দেয় আর আমিও ব্যস্ত থাকায় তাড়াহুড়ো করে স্বাক্ষর করে পাঠিয়ে দেয়। এ রকম ভুলের জন্য আমি দুঃখীত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবির যুগান্তরকে বলেন, আমি ঢাকায় আছি, তাই প্রকৌশল দফতরে তালা ঝুলিয়ে দেয়ার বিষয়ে আমি অবগত না। এই রকম স্পর্শকাতর বিষয় কিভাবে ভুল করে তারা?
