সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেছেন, আপনারা বন্দুকের নলের মুখে এসে গুলি করতে বলছেন, কিন্তু সরকার যথেষ্ট সহনশীল হয়ে ধৈর্য ধারণ করছে। এটিকে দুর্বলতা ভাবলে আপনারা ভুল করবেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ‘সচেতন শিক্ষক সমাজ’-এর ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপাচার্য আরও বলেন, পালিয়ে যাওয়া নেত্রীর দেশে ফিরে আসার কোনো সুযোগ ও সম্ভাবনা নেই। আপনাদের বিগত দিনের কর্মকাণ্ডের জন্য আপনারাই সংশয় প্রকাশ করেছিলেন যে, আপনাদের সরকারের পতন হলে এক রাতে পাঁচ লাখ লোক মারা যাবে; কিন্তু আপনারা দেখেছেন, কেউ মারা পড়েননি। শান্তিপ্রিয় গণতান্ত্রিক সরকারকে এমন কোনো অবস্থায় ফেলার চেষ্টা করবেন না, যাতে আপনাদের সেই আশঙ্কা বাস্তবায়ন করতে হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ জামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো।
