জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, বিক্রি হলো কত টাকায়?
যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
পটুয়াখালীর কুয়াকাটায় জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর কুয়াকাটায় জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। পরে কুয়াকাটা পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামে মাছটি প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে মোট ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়েছে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামী নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন। তিনি জানান, বড় আকৃতির ইলিশ সচরাচর পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনায় তিনি এটি কিনেছেন। মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করা হবে। এর আগে ২ কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন তিনি।
জেলে নবী হোসেন জানান, নিষেধাজ্ঞা শেষে তার জালে ধরা পড়া এটিই প্রথম বড় ইলিশ। ভালো দামে মাছটি বিক্রি করতে পেরে তারা আনন্দিত।
স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন, বড় ইলিশ কেনার ইচ্ছা থাকলেও অতিরিক্ত দামের কারণে মধ্যবিত্ত পরিবারের পক্ষে তা কেনা সম্ভব হচ্ছে না।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজীব সরকার সাংবাদিকদের বলেন, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একটি বড় ইলিশ পাওয়া মানেই উৎপাদন বেড়েছে, এমন সিদ্ধান্তে আসা যাবে না। এ জন্য দীর্ঘমেয়াদি গবেষণা ও আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ প্রয়োজন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ আহরণ করা জরুরি।

-6af83be8a945d.jpg)