জকসু নির্বাচনে বামপন্থি প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরির অভিযোগ
Advertisement
জবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার একদিন আগে বামপন্থি ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরির অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্যানেলটির নেতারা।
প্যানেলের সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক আমরিন জাহান অপি বলেন, বৃহস্পতিবার দুপুরে আমাদের ২১ প্রার্থীর ৪০ হাজার প্রচারপত্র উধাও হয়ে গেছে। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো সদুত্তর পাইনি। পরে জানতে পারি, পরিষ্কার করার নামে পরিচ্ছন্নতা কর্মীরা এগুলো নিয়ে গেছেন।
জিএস পদপ্রার্থী ইভান তাহসীব বলেন, বৃহস্পতিবার অবকাশ ভবনের সিঁড়ির সামনে থেকে আমাদের ৪০ হাজার লিফলেট চুরি হয়েছে। আমরা এর কিছু অংশ ফেরত পেলেও কয়েকজন প্রার্থীর প্রচারপত্র এখনো পাওয়া যায়নি। আমরা এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করছি ও যারা এ কাজের সঙ্গে জড়িত, তদন্তসাপেক্ষে তাদের শাস্তির দাবি জানাই।
প্যানেলের ভিপি প্রার্থী গৌরব ভৌমিক বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে যারা আমাদের লিফলেট নিয়ে গেছে তারা বলছে প্রচার শেষ হওয়ায় এগুলো বিক্রি করে দিছে। কিন্তু আমরা দেখেছি অন্য কোনো প্যানেলের লিফলেট চুরি হয়নি। আমরা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি প্যানেলটির:
এছাড়াও সংবাদ সম্মেলনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানিয়েছে ‘মওলানা ভাসানী ব্রিগেড’। এ বিষয়ে প্যানেলটির এজিএস প্রার্থী শামসুল আলম মারুফ বলেন, আমরা এর আগের ছাত্রসংসদ নির্বাচনগুলোতে দেখেছি ইলেকশন ম্যানুফ্যাকচারিংয়ের অভিযোগ এসেছে। এছাড়াও ভোটাররা একাধিকবার ক্রস চিহ্ন পূরণ করলে মেশিন কিভাবে রিড করবে সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো সদুত্তর দিতে পারেনি। তাই আমরা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানাই।
