হাতিরঝিলে গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৩:১২ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর হাতিরঝিল এলাকায় গাড়ির ধাক্কায় মো. হাসান (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে হাতিরঝিল সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাসান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মির্জানগর গ্রামের বাসিন্দা মুন্না মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মেরুল বাড্ডায় বসবাস করতেন এবং মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের মাধ্যমে উপার্জন করতেন।
হাসানের বাবা মুন্না মিয়া জানান, প্রতিদিনের মতো ভোরে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তার ছেলে। হাতিরঝিল সড়কে পৌঁছালে দ্রুতগতির একটি গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

