Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

রাজধানীতে ৩১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:১২ পিএম

রাজধানীতে ৩১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি

বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীতে আজ সকালে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত কয়েকদিনের তীব্র গরমের পর ভোর থেকে মুষলধারে নামা বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী।

এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। মিরপুর, পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। সড়কে পানি জমার কারণে কোথাও কোথাও যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। বৃষ্টির পানির মধ্যেই বাস, রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি থাকায় অফিসগামী মানুষের চাপ তুলনামূলক কম ছিল। তবে জীবিকার প্রয়োজনে বের হওয়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষকে বৃষ্টির মধ্যে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন কর্মস্থলমুখী মানুষ। অনেককে সড়কে জমে থাকা পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়। কোথাও জমে থাকা পানি যানবাহনের চাকার চাপে পথচারীদের শরীরে ছিটকে পড়তেও দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত থেকে আজিমপুর কবরস্থানমুখী নিউমার্কেটের সামনের সড়কে পানি জমেছে। ঢাকা কলেজের সামনের সড়কেও জলাবদ্ধতা দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশেও মোটামুটি সক্রিয় রয়েছে।

এদিকে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। ফলে রাজধানীতে আবারও বৃষ্টি হলে নিচু এলাকার সড়কে জলাবদ্ধতা বাড়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম