বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
Advertisement
তুরাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ পিএম
মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের উদ্যোগে তৃতীয় জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন প্রান্তের ৫৬টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট এক হাজার শিক্ষার্থী প্রতিযোগিতার লিখিত পর্বে অংশগ্রহণ করেন। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, নবম থেকে দ্বাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণির ঊর্ধ্বে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে মোট চারটি গ্রুপে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ডে গ্রুপের চেয়ারম্যান এমএ ওয়াহাব বাগচী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক একেএম এনায়েত কবির। বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের সভাপতি এটিএম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজউক উত্তরা মডেল কলেজের সহযোগী অধ্যাপক ড. সোলায়মান কবির। আয়োজনে সহযোগিতা করে আমান সিমেন্ট ও লেকচার পাবলিকেশন্স লিমিটেড।
প্রতিযোগিতায় চারটি গ্রুপে মোট ১২ জন শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। এর মধ্যে এ গ্রুপে (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) প্রথম স্থান অর্জন করে শেল্টার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের তাইয়্যিবা, দ্বিতীয় স্থান অর্জন করে স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাতহান বাশার এবং তৃতীয় স্থান অর্জন করেছে মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের জহরত মানহা।
বি গ্রুপে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) প্রথম স্থান অর্জন করে রাজউক উত্তরা মডেল কলেজের আব্দুল্লাহ আইয়ান সাদ, দ্বিতীয় স্থান অর্জন করে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের তাহমিদুল হাসান জারিফ এবং তৃতীয় স্থান অর্জন করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মারজিয়া আজিজ তুফা।
প্রতিযোগিতায় সি গ্রুপে (নবম থেকে দ্বাদশ শ্রেণি) প্রথম স্থান অর্জন করে রাজউক উত্তরা মডেল কলেজের তাসনিম তাহিরা, দ্বিতীয় স্থান অর্জন করে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের রাফিন সালমান মজুমদার এবং তৃতীয় স্থান অর্জন করে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামিয়া খান।
ডি গ্রুপে (দ্বাদশ শ্রেণির ঊর্ধ্বে) প্রথম স্থান অর্জন করে ইডেন মহিলা কলেজের সাদিয়া আফরীন ইরা, দ্বিতীয় স্থান অর্জন করে মাইলস্টোন কলেজের মো. সজিবুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. নাহিদ হোসেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সাধারণ জ্ঞানচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাঠ্যবইয়ের পাশাপাশি দেশ-বিদেশের ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, সংস্কৃতি ও সমসাময়িক বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের জানার আগ্রহ বাড়ানোই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।

-6ac8dcca87c80.jpg)