বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ধানমন্ডিতে এক বয়স্ক ব্যক্তিকে রাস্তায় মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে ঘটনাটিকে ‘মব’ হিসেবে উল্লেখ করে নানা আলোচনা ও দাবি উঠেছে। তবে পুলিশের ভাষ্য, ওই ব্যক্তির বিরুদ্ধে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড দিয়েছেন। অন্যদিকে, প্রকাশ্যে তাকে মারধরের ঘটনায় জড়িত এক যুবককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকার সাতমসজিদ সড়কে বাংলাদেশ আই হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের আশপাশে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক বয়স্ক ব্যক্তি কান ধরে দাঁড়িয়ে আছেন। এ সময় সাদা শার্ট পরা এক যুবক তাকে মারধর করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়।
ঘটনা সম্পর্কে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব গণমাধ্যমে জানান, ওই ব্যক্তির নাম শহীদ আব্দুল্লাহ আল মাসুদ। ২৮ বছর বয়সি এক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়টি স্বীকারও করেছেন।
ওসি জানান, ঘটনার পর পথচারীরা ওই ব্যক্তিকে আটকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ভুক্তভোগী তরুণীকে মামলা করার পরামর্শ দেওয়া হলেও তিনি রাজি হননি।
পরে অভিযুক্ত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন বলে জানান ওসি।
এদিকে, ভিডিওতে দেখা যাওয়া সাদা শার্ট পরা যুবককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ওসি বলেন, ‘অভিযোগের কারণে কাউকে মারধর করার অধিকার কারও নেই।’ তার ভাষ্য, ওই যুবক আইন নিজের হাতে তুলে নিয়েছেন।
পুলিশের বক্তব্য অনুযায়ী, একদিকে তরুণীর শ্লীলতাহানির অভিযোগে বয়স্ক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে, অন্যদিকে তাকে মারধরের ঘটনায় জড়িত যুবককে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
