ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
স্রষ্টার প্রেম, মানবিকতা, সৌন্দর্য ও আত্মিক অনুভূতিকে হৃদয়ে ধারণ এবং পারস্পরিক সম্প্রীতি ও বিশ্বভ্রাতৃত্বের চেতনাকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আহ্ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ ‘চ্যারিটি গজল সন্ধ্যা’।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকার সোবহানবাগে গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদের সুযোগ্য সন্তান হুমায়রা বশির ও রাজা বশির গজল পরিবেশন করেন। তাদের সুরেলা পরিবেশনা উপস্থিত অতিথিদের মধ্যে এক আবেগঘন ও হৃদয়স্পর্শী আবহ সৃষ্টি করে।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সংগীতের মাধ্যমে স্রষ্টার প্রতি প্রেম, মানবিক মূল্যবোধ, সৌন্দর্যবোধ ও আত্মিক চেতনাকে জাগ্রত করা এবং মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করা।
আহ্ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটি মহান শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও মানবতাবাদী খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রহ.)-এর জীবনদর্শন ও মানবকল্যাণের আদর্শকে ধারণ করে সর্বজনীন মানবতা ও বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এ আয়োজন সেই আদর্শকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার একটি প্রয়াস।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সংগীত উপভোগের পাশাপাশি মানবিক মূল্যবোধ, আত্মিক উন্নয়ন ও সর্বজনীন ভ্রাতৃত্বের গুরুত্ব নিয়ে ভাববিনিময়ের সুযোগ পান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়— সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি, শান্তি ও মানবিকতার চেতনা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান আহ্ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটি বিশ্বাস করে, মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও মানবিক বিশ্ব গড়ে তোলা সম্ভব।
