পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি বাংলাদেশ হকার্স ইউনিয়নের
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পুনর্বাসন নিশ্চিত না করে হকার উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশ শেষে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে একটি মিছিল নিয়ে রওনা হলে পুলিশ বাধা দেয়। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পৌঁছে দেয়।
সমাবেশে বক্তব্য দেন মিরপুর ১০ নম্বর হকার ইউনিয়নের প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন, সমন্বয়ক মুক্তার ও মারুফ শেখ প্রমুখ।
বক্তারা বলেন, তীব্র বেকারত্বের এই সময়ে ঢাকা শহরের কয়েক লাখ মানুষ স্বনিয়োজিত পেশা হিসেবে হকারি করে জীবিকা নির্বাহ করছে। দেশের অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাত হিসেবে হকারদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মধ্য ও নিম্ন আয়ের মানুষের প্রয়োজনীয় কেনাকাটা, স্থানীয় শিল্পের বিপণন এবং লাখ লাখ পরিবারের রুটি-রুজির উৎস হলেও এই পেশার এখনো কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি বা পৃষ্ঠপোষকতা নেই।
বাংলাদেশ হকার্স ইউনিয়ন দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে হকারদের তালিকা তৈরি, পুনর্বাসন, পেশাগত অধিকার ও জীবিকা সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আন্দোলন করে আসছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে—এমন আশাবাদ তৈরি হয়েছিল উল্লেখ করে বক্তারা বলেন, তবে সম্প্রতি মিরপুর, যাত্রাবাড়ীসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ, ভাঙচুর, মালামাল নষ্ট, মামলা ও আটকের ঘটনা বেড়ে গেছে।
সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে একটি সমন্বিত পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসংস্থান ধ্বংসকারী এসব উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানান তারা। একইসঙ্গে সড়ক উন্মুক্ত রেখে ফুটপাতের নির্ধারিত অংশে শৃঙ্খলিত উপায়ে হকারি করার অনুমতি চেয়ে হকারদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও উচ্ছেদ বন্ধের কার্যকর নির্দেশনা কামনা করেন তারা।

