প্রত্যন্ত অঞ্চলেও অস্ত্রোপচার সেবা পৌঁছাতে প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন: জুবাইদা রহমান
তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ এএম
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বক্তব্য দিচ্ছেন।
|
ফলো করুন |
|
|---|---|
দেশের প্রত্যন্ত অঞ্চলেও যথাযথ অস্ত্রোপচার সেবা পৌঁছে দিতে পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, বর্তমান সরকারের রূপকল্পে একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশের কথা বলা হয়েছে, যেখানে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি) এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে ডা. জুবাইদা রহমান বলেন, প্রায় ২০ কোটি জনসংখ্যার বাংলাদেশে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। বর্তমানে প্রতি এক লাখ মানুষের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র শূন্য দশমিক ৫৮ জন। অথচ আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন।
তিনি বলেন, দেশের ৬৪টি জেলা, ৫৩টি প্রশাসনিক অঞ্চল, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন এবং ৯০ হাজার ৪৯টি গ্রামে প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তীব্র সংকট রয়েছে। দীর্ঘদিনের অবহেলার কারণে হাজার হাজার মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তারা শুধু অপারেশন থিয়েটারেই দায়িত্ব পালন করেন না; বরং সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অস্ত্রোপচারের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যথা নিয়ন্ত্রণ, ক্রিটিক্যাল কেয়ার প্রদান এবং রোগীর জীবন রক্ষায় তাদের অবদান অপরিহার্য।
ডা.জুবাইদা রহমান বলেন, একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা শুধু অবকাঠামো ও প্রযুক্তির ওপর নির্ভর করে গড়ে ওঠে না। বরং দক্ষ, অনুপ্রাণিত এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়া পেশাজীবীদের মাধ্যমেই তা প্রতিষ্ঠা করা সম্ভব।
চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত কল্যাণ নিশ্চিত করার সঙ্গে রোগীদের উন্নত ও নিরাপদ সেবা প্রদানের সরাসরি সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অ্যানেস্থেশিয়া, ইনটেনসিভ কেয়ার এবং পেইন মেডিসিনের মতো বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রের উন্নয়ন সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।
সম্মেলনে দেশি-বিদেশি বিশিষ্ট অ্যানেস্থেসিওলজিস্ট, চিকিৎসাবিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অ্যানেস্থেসিওলজিস্টস: বিয়ন্ড দ্য অপারেটিং থিয়েটার’। সম্মেলনে অ্যানেস্থেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার ও পেইন মেডিসিনের সর্বশেষ অগ্রগতি, আধুনিক চিকিৎসাপদ্ধতি, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
সম্মেলনটি বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, বিশেষজ্ঞ চিকিৎসাসেবার মানোন্নয়নে কার্যকর সুপারিশ প্রণয়ন, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং দেশের প্রতিটি প্রান্তে স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান।
সম্মেলন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে রোগীদের সেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়বে।
অনুষ্ঠানে তিনজন চিকিৎসককে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া একজন চিকিৎসককে রিসার্চ অ্যান্ড ইনোভেশন গোল্ড মেডেল এবং চারজন চিকিৎসককে এসএন সামাদ চৌধুরী গোল্ড মেডেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা।

-6af9f46da325f.jpg)