Logo
Logo
×

Advertisement

রাজধানী

ক্রীড়া প্রতিমন্ত্রী

আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না

Advertisement

গত ১৭ বছরের দুঃশাসনের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু একটি মহল বাস ও কলকারখানায় আগুন দিয়ে এবং নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না। ভিন্নমত থাকতেই পারে, প্রত্যেকের মতপ্রকাশের অধিকার রয়েছে। তবে প্রতিহিংসা ও বিশৃঙ্খলা কোনোভাবেই দেশের জন্য কল্যাণকর নয়। দল-মতনির্বিশেষে সবার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই গণতন্ত্রের মূল চেতনা।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরের শাসনামলে দেশের মানুষ কথা বলার অধিকার, সত্য প্রকাশের অধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা হারিয়েছিল। এখন গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও একটি মহল অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। কারণ, এই দেশ ও সমাজ সবার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, যেখানে দল-মতনির্বিশেষে সবাই নিজের অধিকার ও মতামত প্রকাশ করতে পারবেন। সরকার ভালো কাজ করলে জনগণ আবার ভোট দেবে, আর ব্যর্থ হলে ভোট দেবে না। এটাই গণতন্ত্রের স্বাভাবিক চর্চা।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণ প্রজন্মের হাতে। শুধু ভালো ফলাফল বা উচ্চশিক্ষিত হলেই চলবে না, ভালো মানুষও হতে হবে। তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে। শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।

নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে আমিনুল হক বলেন, ২০২৭ সালের শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত হচ্ছে। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি হবে। খেলাধুলার প্রসার ঘটাতে পারলে তরুণদের মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে। সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ গভর্নিং বডির সভাপতি মো. হাফিজুর রহমান সরকার, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যুৎসাহী সদস্য মোকছেদুর রহমান আবির, মোহাম্মদ ইছাহাক শিপন এবং কলেজের অভিভাবক প্রতিনিধি মো. জিয়াউল হক বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোস্তারী আহমেদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব

প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব

৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন

৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন

ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: প্রধানমন্ত্রী

ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের

উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের

আরও পড়ুন

ক্রীড়া প্রতিমন্ত্রী আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না

আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না

রাজধানীতে টানা বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী

রাজধানীতে টানা বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের টাকা আত্মসাতের অভিযোগ

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের টাকা আত্মসাতের অভিযোগ

নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম