Logo
Logo
×

সারাদেশ

১১ মাস পর সিদ্ধিরগঞ্জ বিএনপির সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম

১১ মাস পর সিদ্ধিরগঞ্জ বিএনপির সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- দলীয় গঠনতন্ত্র অনুসারে ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় বিএনপির প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরের ১২ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটি ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছিল। বহিষ্কারের কারণ হিসেবে তখন বলা হয়েছিল, আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে লাঞ্ছিত করার ঘটনায় তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

ঘটনার দিন আসিয়ান পরিবহণের একটি বাসের চালক যাত্রীদের সঙ্গে দুর্বব্যহার ও এলোমেলোভাবে বাস চালানোর প্রতিবাদ করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। তিনি ওই গাড়ির যাত্রী হয়ে ঢাকা থেকে সিদ্ধিরগঞ্জ আসছিলেন। এ সময় বাসের চালক ইকবাল হোসেনের সঙ্গে খারাপ ব্যবহার করালে ইকবাল হোসেনের কয়েকজন অনুসারী সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ওই চালকের খারাপ আচরণের প্রতিবাদ করে।

এতে ওই সময় আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানের সঙ্গে তার অনুসারীদের ভুল বোঝাবুঝি হয় বলে জানায় ইকবাল হোসেনের অনুসারীরা। একপর্যায়ে কেন্দ্রীয়ভাবে ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি দলের কাছে আবেদন করলে তা বিবেচনায় নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নাসকি ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে আমার বিরুদ্ধে ৬৬ মিথ্যা মামলা দায়ের করে আমাকে মাসের পর মাস কারাগারে রাখা হয়। তবে সে সময় মুক্তি পেয়েই আমি দলের নির্দেশে আন্দোলন সংগ্রামে ব্যস্ত ছিলাম।

তিনি বলেন, সাংবাদিক মিনহাজের সঙ্গে আমার কয়েকজন লোকের ভুল বোঝাবুঝির কারণে তখন দল আমাকে বহিষ্কার করে। আমিও দলের সিদ্ধান্ত মেনে নেই। এখন দল আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। আগামী নির্বাচনে আমি দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে সর্বচেষ্টা দিয়ে কাজ করে তাকে বিজয়ী করে দলের চেয়ারপারসনের হাতকে শক্তিশালী করব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম