মির্জাপুরে শিশু ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক আটক
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মির্জাপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সবুজ মিয়া (৪৫) নামে এক গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার উয়ার্শী ইউনিয়নের মৈশামূড়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
সবুজ মিয়া পার্শ্ববর্তী উপজেলা দেলদুয়ারের ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানি গ্রামের গাজী মিয়ার ছেলে। তিমি মৈশামুড়া বাজারে ফটোকপি ও স্টেশনারির ব্যবসা করতেন। সেখানে ব্যবসার পাশাপাশি তিনি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন।
বুধবার বিদ্যালয় ছুটির পর ধর্ষণের শিকার ওই ছাত্রী সবুজের দোকানে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেটের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও বাড়িতে না ফেরায় তার মা মেয়েকে খুঁজতে বের হন। রাস্তায় না পেয়ে প্রাইভেট পড়ানোর দোকানে যান। সেখানে গিয়ে দোকানের শাটার বন্ধ দেখতে পান। পরে শাটার খুলে ভেতরে মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান।
এসময় শিশুটি দোকান থেকে বেরিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। পরে শিশুটি তার মাকে জানায়, সবুজ স্যার তাকে ভয়ভীতি দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং এক পর্যায় তাকে ধর্ষণ করে।
মেয়ের কাছ থেকে এমন কথা জানার পর মা আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ধর্ষক সবুজকে আটক করেন। পরে তারা তাকে পিটুনি দেন এবং থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক সবুজকে আটক করে থানায় নিয়ে যায়।
এ খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু ধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষক সবুজকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু আইনে মামলা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, গত ৯ নভেম্বর উপজেলার নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে তপন কুমার সরকার নামের এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। পরে তাকে সাময়িক বরখাস্ত করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিন মিয়া। কেউ বাদী না হওয়ায় পুলিশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনসার আলীর জিম্মায় ছেড়ে দেন। একদিনের ব্যবধানে একই ইউনিয়নে দুটি ঘটনাকে কেন্দ্র করে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
