সিদ্ধিরগঞ্জে আলোচিত সেই বিএনপি নেতা ইকবালের সব পদ স্থগিত
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম
ইকবাল হোসেন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. ইকবাল হোসেন, পিতা মৃত ইদ্রিস আলীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে।
তবে কি কারণে বা দলীয় কোন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য তার পদ স্থগিত করা হয়েছে তা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এ বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কাছেও পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেন, তার সদস্য পদ স্থগিতের ব্যাপারে আমরা কিছুই জানি না। আমাদের সাথে কোন আলোচনা করা হয়নি। এককভাবে কারো পদ স্থগিত করার কোনো সুযোগ নেই। মামুন ভাই (জেলা বিএনপির আহ্বায়ক) কিভাবে ইকবালের পদ স্থগিত করেছে তা তিনিই ভাল বলতে পারবেন।
এ ব্যাপারে নাসিকের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, ব্যাপারটা আমি লোকমুখে শুনেছি। দলের কেন্দ্রকে না জানিয়ে পদ স্থগিত কেন করা হয়েছে আমার জানা নেই। তাছাড়া দলীয় শৃঙ্খলাবিরোধী আমি কোনো কর্মকাণ্ড করেনি। আমি দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ড করেছি তা আমার কাছ থেকে জবাব না চেয়ে এভাবে দলীয় পদ স্থাগিত করাতে আমি হতবাক হয়েছি। বিগত আওয়াম লীগ আমলে দলীয় কর্মকাণ্ড ও দায়িত্ব পালন করায় আমার বিরুদ্ধে ৭৬টি মামলা দেওয়া হয়েছিল। ঐ মামলায় আমি প্রায় ২ বছর কারাভোগ করেছি। আমি জিয়ার আদর্শ সৈনিক, দলকে ভালবাসি। একক সিদ্ধান্তে আমার দলীয় সকল পদ স্থগিত করায় আমি মর্মাহত।

