নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে চা দোকানি নাঈম খান (৬০) হত্যার ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শিমরাইল এলাকার মৃত আক্কেল আলীর ছেলে মো. হোসেন আলী (৫০), স্ত্রী মায়া আক্তার (৪৪) ও ছেলে ইকবাল হোসেন (২৫)। রোববারের তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে প্রতিবেশী হোসেনের পরিবারের সঙ্গে নাঈম খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় শনিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে হোসেন আলী, ইকবাল ও মায়াসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে নাঈমের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীদের আঘাতে নাঈমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈম খান শিমরাইল উত্তরপাড়া এলাকার মৃত মঈন খানের ছেলে। তিনি এলাকায় চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের মেয়ের জামাতা ইমরান বলেন, রাস্তার জায়গা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তার শ্বশুরের ওপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
