Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

৫ আগস্টের পর পরিবর্তনের সুযোগ এসেছে: ড. দেবপ্রিয়

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

৫ আগস্টের পর পরিবর্তনের সুযোগ এসেছে: ড. দেবপ্রিয়

Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কী প্রত্যাশায় ভোট দেবেন এবং নবনির্বাচিত সরকারের কাছে নাগরিকদের দাবি নিয়ে আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে। সোমবার সন্ধ্যায় নগরীর চর কালীবাড়ি এলাকার ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) নাগরিক প্লাটফর্ম আয়োজিত পরামর্শ সভায় প্রধান সমন্বয়কারী ছিলেন নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ও সিপিডি ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

এ সময় সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের বেশিরভাগ প্রতিনিধি সুশাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জুলাইযোদ্ধাদের আন্দোলনের ফলে ৫ আগস্টের পর দেশে একটা পরিবর্তনের সুযোগ এসেছে। এ সুযোগ আমরা হারাতে চাই না। সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার ব্যাপারে সবাই আগ্রহ দেখাচ্ছেন; কিন্তু ‘নির্বাচনে আপনি কী প্রত্যাশায় ভোট দেবেন এবং নবনির্বাচিত সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা বা দাবি এই দুটি ইস্যু নিয়ে আমরা একটি নাগরিক ইশতেহার তৈরি করব। ডিসেম্বরের শেষে জাতীয় নেতাদের কাছে এই নাগরিক ইশতেহার তুলে ধরা হবে। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে পরামর্শ সভা করে নাগরিকদের মতামত সংগ্রহ করা হচ্ছে। নির্বাচনপরবর্তী নাগরিকদের এই প্রত্যাশা বা দাবি নিয়ে আমরা কাজ করব, চাপ সৃষ্টি করব।

প্রতিনিধিত্বমূলক এ পরামর্শ সভায় সুশাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আইন ও বিচার বিভাগের স্বচ্ছতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, প্রশাসনের সব পর্যায়ে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নারীর নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা ও সাংস্কৃতিক নিরাপত্তা নিশ্চিত করা, সার্বভৌমত্ব বজায় রাখা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা, গণতন্ত্র রক্ষা করা, সংসদে আদিবাসীদের প্রতিনিধিত্ব ও পৃথক মন্ত্রণালয় গঠন, শিক্ষাজীবন শেষে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে চাকরির নিশ্চয়তা, সরকারের উন্নয়ন প্রকল্পের দুর্নীতি বন্ধ ও মানসম্মত কাজ নিশ্চিত করা, দুর্নীতির উৎস বন্ধ, মেধা, যোগ্য ও স্বচ্ছতার ভিত্তিতে দলীয় মনোনয়ন প্রদান, নির্বাচনে কালো টাকার প্রভাবমুক্ত রাখা,  মনোনয়ন বাণিজ্য বন্ধ করা এবং সচিবালয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তাদের প্রতিবছর সম্পদের হিসাব বিবরণী তুলে ধরাসহ নানা পরামর্শ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

সভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মাহবুবুর রহমান মাহবুব, মহানগর জামায়াতের সেক্রেটারি ড. শহীদুল্লাহ কায়সার, সুজন সম্পাদক ইয়াজদানি কোরাইশি কাজল ও সহ-সভাপতি কাব্য সুমি সরকার, সনাকের শরীফুজ্জামান পরাগ, সাংবাদিক নিয়ামুল কবীর সজল, সিপিবির মোস্তাফিজুর রহমান জুয়েল, অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা ইয়াসমিন, আদিবাসী নেতা অরন্য ই চিরান ও নারায়ণ হাজং, সারার নির্বাহী পরিচালক এসএম মুজবুর রহমান, জাগো ফাউন্ডেশনের নাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিলন আহমেদ, ধ্রুবতারা ফাউন্ডেশনের তাজিম, শিক্ষার্থী মাসুম আলম ও সারা, নারী উদ্যোক্তা মিতু, খন্দকার আব্দুল আলিম ও সালমা আক্তার প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম