জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিতের পর বাতিল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম
মাহাবুবুল আলম সালেহীর মনোনয়ন বাতিলের পর হট্টগোল। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাহাবুবুল আলম সালেহীর মনোয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরের পর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, ২ জানুয়ারি মাহাবুবুল আলম সালেহীর দ্বৈত নাগরিকত্বের কাগজপত্রের জটিলতার কারণে মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়। ৪ জানুয়ারি দুপুর ২টার মধ্যে বৈধ কাগজপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার অফিসে যোগাযোগ করতে বলা হয়। সে অনুযায়ী জামায়াত প্রার্থী তার লোকজনসহ কাগজপত্র নিয়ে উপস্থিত হন। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা অফিস কক্ষ থেকে কনফারেন্স কক্ষে বসেন। সেখানে তিনি মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত দ্বৈত নাগরিকত্ব ইস্যুটি ত্রুটিপূর্ণ হওয়ায় মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।
বিষয়টি নিয়ে জামায়াত প্রার্থী ও দলের নেতারা কিছু বলতে চাইলে তিনি আসন ছেড়ে নিজ অফিস কক্ষে চলে যান এবং আপিলের পরামর্শ দেন। এ সময় হল রুমের ভেতর এবং অফিসের বাইরে অপেক্ষায় থাকা জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা হট্টগোল করেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, নির্বাচনি নীতিমালা ও আইনের মধ্যে থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এখানে পক্ষপাতিত্ব কিংবা প্রভাবিত হওয়ার সুযোগ নেই। সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারবেন।
বিষয়টি নিয়ে মাহবুবুল আলম সালেহী জানান, তিনি কারো দ্বারা প্রভাবিত হয়ে মনোনয়নপত্রটি বাতিল করেছেন। আমাদের কোনো কথা শোনেননি এবং আমার কোনো কাগজপত্র দেখতেও চাননি। আমরা উচ্চ আদালতে আপিল করব।
