Logo
Logo
×

সারাদেশ

বোমা বানানোর সময় ‘বিস্ফোরণ’, নিহতের সংখ্যা বেড়ে ৩

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

বোমা বানানোর সময় ‘বিস্ফোরণ’, নিহতের সংখ্যা বেড়ে ৩

শরীয়তপুরে বোমা বানানোর সময় ‘বিস্ফোরণে’ ৩ জন নিহত হয়েছেন। ফাইল ছবি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বানানোর সময় ‘বিস্ফোরণে’ আহত আরও এক যুবক মারা গেছেন।  এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নয়ন মোল্লার (২৭) মৃত্যু হয় বলে জানিয়েছেন জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।  

এর আগে গত ৮ জানুয়ারি ভোর ৪টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামের সাগর বেপারীর বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ।  

তখন ঘটনাস্থলেই মারা যান একই এলাকার দেলোয়র হোসেন বেপারীর ছেলে সোহান বেপারী (৩২) ও রহিম সরদারের ছেলে নবীন সরদার (২৮)। 

এদিকে গত সোমবার ডগ স্কোয়াড নিয়ে যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।   

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল।  গত বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একটি বাড়িতে বিকট শব্দ হয়।  পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়াল, চালা উড়ে গেছে।  এর কিছু দূরে পেঁয়াজ ক্ষেতে সোহান বেপারীর লাশ পাওয়া যায়।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন; যারা গোপনে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

ওসি সালেহ আহমদ বলেন- এ ঘটনায় নবীন সরদার, নয়ন মোল্লাসহ ৩ জন যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।  এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম